চল্ মা চুপিচুপি পৌছে যাই
ভোর হতে অনেক বাকী
শহীদ মিনারে নয় রাস্তার মোড়ে
শহীদ মিনার মাগো শুধুই ফাঁকি।
বাবার শোনিতে লাল রাস্তার মোড়
কতোকাল ডাকেগো মা তোরে
প্রভাত ফেরি মা শুধুই ফেরি
কি হবে ফুল দিয়ে বাবার গোরে।
যে যায় সে যায়গো
মালার লোভে কভু হয় না কাতর
মুখোশধারী সব শপথ বাণী
ভুলেও ছেদে না ঐ কঠিন পাথর।
পেরেকে ঝুলিয়ে এই কামিনী মালা
তড়িঘড়ি চল্ যাই রাস্তার মোড়ে
মুছিয়ে দেবো আজ রক্তের দাগ
যুগ যুগ যে শুধু রোদেই পোড়ে।
যাবো না মিনারে মৌন প্রেমিক
পাষাণে দিতে মালা প্রেমের ছলে
মুছিয়ে দেবো আজ রক্তের দাগ
শুধুই চোখের জলে।
(মফিজুল ইসলাম খান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


