জলকুঠি হেলেঞ্চার ফাঁক গলে দেখা যায় প্রথম বয়সী রাত.....
ভাসান পরগণায় চাঁদ ওঠে। জরি-জ্যোস্নায় ঝুলে থাকে বেতুস সোনালী-গোলাবী রাত।
তাবদ সাঁকু হেঁটে গেছে নিশ্চিন্তপুরের দিকে। দু’টো সর্প-পাহারা দু’মাথায়। কার সাধ্য মাঝ দীঘি থেকে পরাণের কৌটো ছিনাইয়া নেয়! ওঝারতি সময় কি আছে? সে-তো সেঁধিয়েছে উদর-সন্যাসে।
মিতু-গাঙ জলে শুদ্ধ হতে কত সময় লাগে? পীতম্বর বাদশার খোয়ারীতে ঔষধ নাজিল হয়। তাগা থেকে টুপ টুপ ঝরে বীজমন্ত্র। পথ্য আর জলের সাম্পান গিলে খায় সাঁকোর সর্পদ্বয়। তামাকুমুন্ডি পড়ে থাকে ছোপ ছোপ আঁধার গেঁথে। পৈতনসাহা স্বর্ণকার মুঠো-স্বর্ণের গীতল ভাসায় চাঁদ সহরায়।
কতদূর নিশ্চিন্তপুর? পিনাকী পিনাকী রিনিকি রিনিকি আগুন পা’য়ে কে যায় কিয়ারী ঘাটে? ওরে মাঝি নাউ ভিড়া; চাঁদ যাবে ভাসান পরগনায়......।
আমারে শোয়াইয়া হৃদছেঁড়া বর্শাফলায়, তুমি যাওগো কইন্যা...যাও একেলা চলে, আমারে মনে রাখিবার কোন বেলা নাই।
ঝিঁ ঝিঁ বিলের ধারে একেলা ডাহুক থাকে। ডাহুকের শোক যায় স্মরণবাড়ি। ওইখানে-নিশ্চিন্তপুরে বটের পেটে জমে আছে এক লক্ষ্য সর্প-ডিম। মালা গাঁথিয়া রাখিও তুমি বিষের ছরা।
কণ্ঠা পরাইয়া দিও হংস বেলায়। ঘুমিয়ে থাকবো সহস্র সৌর-বছর। রোদের কনা থেকে বংশবধ ধাতব পরান, প্রাগৈতিহাসিক ভার কাধে আবার রোদের লিক্যুইড ভাসবে উঠোনে তোমার। তোমার নিদ্রাঘোরে কথা কবে খেলা-বেলা চাঁদ।
মাঝি ত্বরা করো....। ভাসান পরগণা ঘাসের ডগায় ভ্রমর খেলা করে। চাঁদ যাবে, দিনের আলো গিলে খাবে লহমায়। কৃষ্ণনগরের মাতঙ্গিনী বলে কথা! ব্রক্ষ্ম ব্রক্ষ্ম ধ্বনি আর লৌহো-ভাসান তরবারি পথে বাজে পিতলের খঞ্জ। চন্দ্রবোরা শাপের মাথায় মুক্তা জ্বলে গো সাঁই। মায়াবাজ কদলি ছায়ায় আমি আয়ুপ্রাপ্ত হবো না। তবু কস্তুরি কায়ায় গেঁথে থাকি শয়ম্ভু ঘোর। ঢলুদিয়ার জল চিরে চিরে ব্রক্ষ্মসঙ্গীত বাজে-
’অয়ি সুখময়ী ঊষে! কে তোমারে নিরমিল,
বালার্ক-সিন্দুর ফোঁটা কে তোমারি ভালে দিলে।’
আজ চাঁদ যায় ভাসান পরগণায়। কালবিল মাঠে, সবুজ-আগুন কেটে, মাটি ফাটা ঝিঁ ঝিঁ পোকার কোরাস। বহুদূর শঙ্খের জল কর্ণফুলি দুল চায় মাদল মায়ায়। আমি সাম্পানওয়ালা কর্ণ-দুলের খোঁজে ঢেউয়ের কালিন্দে ভাসি। হালদা নদী-জলে রতিস্নান করে মাছের মা। এ নিয়ম ভাসান পরগণার।
ওরে আমারে নি নিবে কেউ পর্বত অন্দরে। ছিনাইয়া লইবো চাঁদের শরীর। গায়ে মেখে নিবো রোদ- আলোয়ান। প্যাঁজা মেঘে রেখে দিবো অলস বেলা। যৌবন বিতানিতে আমারে সওদা করাবো শুধু তোমায়। ভাসান যাবে ওগো, চাঁদ আজ ভাসান যাবে......
জুনিপোকা ছড়া কাটে মাসিঙ্গা পইরের পাড়ে। পালকি যায় গুনটানা মাঝির। মগ পইরের লাগোয়া গোরখাদে পড়ে থাকে থান থান লোবান-কাফন! কে যায়.....কে যায়?
আঁন্ধারমানিক থেকে অজগর ঢল নামে। কানিচরা-বগ নামে। নামেনা যুবক দুপুর। তামা তামা রৈদের লগে বুক চিতায়। কথা রাখে হংস-মাথায়। কথা পাড়ে সর্প-মাথায়।
চাঁদ যদি ফ্রিডা হইতো , দেবতার থানে সবর লইতাম।
তোমারে বান্ধি কি দিয়া? অবন্তির শিপ্রানদী নেই আমার, নেই মথুরা ময়ুরী কিংবা কলিঙ্গের অম্বুরাশি আর লবঙ্গ ফুলের সৌরভ। শুধু আমার আছে সর্প!
নিশ্চিন্তপুরের সর্পরা আমারে লগে লয়। সর্পপিঠে সওয়ার হয়ে তীর ছুঁড়ি। দিনের শরীরে সহস্র তীর! রক্তের-লোবান ভাসে জলে। হায়রে শালিক-বেলা এত ফোঁড় বইবে কত! পরগণায় আয়োজন ডামা-ঢোল। গীতল বাতাসে ভাসে-
’রাই-এর পইরন গরদ জোরা
চলতে করে লেরাবেরা
কাশ্মিরী পাগুরী রাই এর মাথে।’
হায়রে ছলকিয়া ঝলকিয়া চাঁদ যায়। গ্রীবায় লটকে থাকে মায়া মায়া লোর। চন্দ্রাবতী রাত সেঁধিয়ে রাখে কাম ও কলুষ। জীহ্বা পাঠ-মগ্ন কালে আমারে বলে নাই, কত ঘোড়া তেজি হয় আমার ঘাড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


