পরানের ছিপি খুলে যারে করাতে চেয়েছি পান
ভালবাসার নির্ভেজাল মদির, সেই তো ছুঁড়েছে
নিঃশব্দে-আমার সাধের হৃদকুঞ্জে অগ্নিবাণ;
ডালে বেঁধে বাসা ছিল যত বুনোপখি-উড়ে গেছে।
পুড়ে গেছে ঘাস, লতায়-পাতায় জড়ানো শিশির
আহারে! সাধের জোছনাটুকু-ঝলসে গেছে খুব!
রুপালী জোছনা, পুড়ে হয়েছে গোধূলির আবির
কোথায় রাখি জোছনাটুকু, কোথায় দিই ডুব!
হৃদকুঞ্জের দশ-দিগন্ত পুড়ে হচ্ছে ছাড়খার
পরানের জল নিঙড়ে নয়নে-ছড়িয়ে বিষাদ
কি হবে? ঘাস, জোছনায় কুঞ্জ তো ভরবে না আর!
দোহাই বাতাস, লোকালয়ে ছড়ালে এ সংবাদ-
নবদম্পতির সঙ্গম ক্ষণকালের জন্য হবে
বাধাগ্রস্ত; দ্বিধান্বিত ভ্রূণ দ্বিধার-ই জন্ম দেবে!
ঢাকা।
২৬.০৯.২০১৩
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


