
বড় হয়ে গেছি।
এখন আর বৃষ্টিতে ভিজে বল খেলি না।
বড় হয়ে গেছি।
এখন আর ঢিল মেরে কারও গাছের ফল চুরি করি না।
বড় হয়ে গেছি।
এখন আর ইচ্ছে হলেও গাছে উঠি না।
বড় হয়ে গেছি।
এখন আর মসজিদে নামাজ পড়তে গিয়ে বাইরে আড্ডা দেই না।
বড় হয়ে গেছি।
এখন আর কান মলে দিয়ে কেউ বলে না, এত দুষ্ট হয়েছিস কবে থেকে?

বড় হয়ে গেছি।
এখন আর চৈত্রের খা খা দুপুরে নাটাই ঘুড়ি নিয়ে খেলি না।
বড় হয়ে গেছি।
এখন আর বেণি দোলানো বালিকাদের দিকে আড় চোখে তাকাই না।
বড় হয়ে গেছি।
এখন আর ঘন্টার পর ঘন্টা পুকুরে সাতার কাটি না।
বড় হয়ে গেছি।
এখন আর বিজলি চমকালে, মেঘ ডাকলে ভয় পাই না।
বড় হয়ে গেছি।
এখন আর পুকুরে ঢোঁড়া সাপ দেখে ঢিল মারি না।
বড় হয়ে গেছি।
এখন আর ঝড়ের পরে কোন ফলের গাছের নিচে ফল কুড়াতে দাঁড়াই না।
বড় হয়ে গেছি।
এখন আর স্কুল পালানোর দরকার পড়ে না।
বড় হয়ে গেছি।
এখন আর খাল সেচে মাছ ধরি না।
বড় হয়ে গেছি।
এখন আর সন্ধ্যায় দেরি হলে মায়ের ভয়ে চুরি করে বাড়িতে ঢুকি না।
বড় হয়ে গেছি।
এখন আর সন্ধ্যায় কেউ পড়তে বসতে বলে না।
বড় হয়ে গেছি।
এখন আর বিকেলে খেলার মাঠে বন্ধুর সাথে ঝগড়া করি না।
বড় হয়ে গেছি।
এখন আর বিদ্যুৎ গেলে আড্ডা দেয়ার জন্য হুড়মুড় করে বাড়ি থেকে বের হই না।
বড় হয়ে গেছি।
এখন আর কারও ভুতের গল্প শুনে গা ছমছম করে না।
বড় হয়ে গেছি।
এখন আর গোসল শেষে কেউ জোর করে গামছাটা কেড়ে নিয়ে মাথা মুছে দিতে দিতে বলে না,
মাথাটাও মুছতে শিখিস নি!
বড় হয়ে গেছি।
এখন আর কেউ অনেক দিন পর দেখে বলে না, কত বড় হয়ে গেছিস!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



