জন্মদিন!! প্রতিটি মানুষের জন্য একটা বিশেষ দিন। আমরা অনেকেই হয়তো ঘটা করে দিনটি পালন করিনা। বাকি আট দশটা দিনের মতই আমাদের অনেকের জন্মদিন হয়তো চলে যায়। তারপরেও আমাদের মনের ছোট্ট কোণে এই দিনটি ঘাপটি মেরে থাকে। নিজের অজান্তেই আমরা মনে মনে আশা করি কেউ এসে যদি শুভেচ্ছা জানাতো, কেউ যদি মনে রাখতো, কেউ যদি একটু বিশেষ কিছু করতো তাহলে মনে হয় অনেক আনন্দ হত। অনেক সময়ই এমন কিছু হয়তো হয় না।যখন হয়না তখন হয়তো কিছু বলি না, কিন্তু মনের ভেতর একটুখানি খারাপ কিন্তু লেগেই যায়।
সে যাই হোক, যে কারনে এতো ভূমিকা দিলাম সেই কথায় যাই এবার। আজ থেকে দুই দিন পর ৩রা মার্চ আমার স্বামী নিরুপম মুস্তাফীর জন্মদিন। এখন প্রশ্ন জাগতে পারে দুই দিন পরে জন্মদিন কিন্তু পোস্ট আজকে কেন? আসলে আমার বাসায় ইন্টারনেট কানেকশন অনেক সময় ই থাকে না। আর আগামী দুইদিন আমি অফিসেও থাকবো না। কিন্তু আমার অনেক ইচ্ছা তার জন্মদিনে তাকে কিছু লিখে শুভকামনা জানানো।অনেকেরই মনে হতে পারে বেশী বেশী, অনেকের মনে হতে পারে আদিখ্যেতা!! যে যাই ভাবুক, আমার তো ভালো লাগবে। আমার শুভকামনা সবসময়ই তার সাথে থাকে তারপরেও বিশেষ ভাবে বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু করার মজাই আলাদা। কি বলেন আপনারা??
আজ তাকে বলতে চাই, “আমি জানি না তুমি এতদিন কিভাবে জন্মদিন পালন করেছো? কি করেছো? শুধু এতটুকু জানি এখন থেকে আগামী যতদিন আমি তোমার সাথে থাকবো, তোমার প্রতিটি জন্মদিন আমি আমার মত করে পালন করবো। হয়তো সবসময় চাইলেই ইচ্ছেমত সবকিছু করতে পারবো না। তবে এতোটুকু জানি যতটুকুই করবো, যখনি করবো,তাতে তোমার প্রতি ভালোবাসা আর আন্তরিকতার কোন অভাব থাকবে না।“
আসলে সত্যি বলতে কি, ব্যাপার জন্মদিনের না। ব্যাপার হল প্রিয়জনের খুশির। আমি জানি, হয়তো সে আমাকে মুখে বলবে না। কিন্তু মনে মনে সে অনেক খুশি হবে সেটা আমি জানি। আমি শুধু তার চেহারার খুশিটা দেখতে চাই। জন্মদিনে অনেকেই তাকে অনেক কিছু উপহার দিবে। আমিও দিবো। কিন্তু এইভাবে জন্মদিনের শুভকামনা তাকে আগে কেউ দেয় নাই আমি জানি। আর তাই এটাই হবে তার জন্মদিনের সেরা উপহার।
জন্মদিনের এই শুভক্ষনে তোমাকে বলতে চাই, “ তুমি বেঁচে থাকো হাজার বছর। তোমার সব দুঃখগুলো মেঘ হয়ে ভেসে যাক, বৃষ্টি হয়ে ঝরে যাক। ফাগুনের হাওয়া লেগে বসন্তের রঙে রঙিন থাকুক তোমার জীবন। কোন দুঃখ যেন তোমাকে ছুঁতে না পারে। সুখ তোমার চারপাশে প্রজাপতির মত রঙ ছড়াক। তোমার জীবনের প্রতিটি দিন হোক আনন্দময়। প্রতিটি ক্ষণ হোক ভালোবাসাময়। ভালো থাকো তুমি সবসময়। তোমার হাসিমুখ যেন সবসময় দেখি।“
সবশেষে সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। দোয়া করবেন যেন সে ভালো থাকে। আমরা যেন সবসময় এমন করেই থাকতে পারি। আর এমন করেই সারাজীবন তাঁর জন্মদিন পালন করতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

