'মুই এলা কি নিয়া বাঁচিম, ভগবান তুই ওমার বিচার করিস'
সিদ্ধার্থর বাড়িতে শোকের মাতম
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
'ওরে আমার মানিক, ওরে আমার বুকের ধন রে....তুই মোক একালা ছাড়ি কোটে গেইলিরে বাপ, মুই এলা কি নিয়া বাঁচিম বাবারে। হরতাল নাই তাও ওমরা মোর ছাওয়াক মারি ফ্যালাইছে, ভগবান তুই ওমার বিচার করিস।' রাজশাহীতে ককটেলের আঘাতে নিহত পুলিশ সদস্য সিদ্ধার্থ চন্দ সরকারের মা প্রেয়সী রানী সরকার এভাবেই সন্তান হত্যার বিচার চাইলেন। গত শুক্রবার সিদ্ধার্থের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দি গ্রামে গিয়ে দেখা যায়, শত শত মানুষ ছুটে এসেছে অসহায় পরিবারটিকে সান্ত্বনা দিতে। সেখানে চলছিল শোকের মাতম।
বাবা বিমল চন্দ সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, একমাত্র উপার্জনকারী ছিল সিদ্ধার্থ। সে ২০১০ সালের ২৫ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করে। তার আয়েই চলতো সংসার। মাত্র ছয় মাস আগে ঘটা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জের অতুল অধিকারীর কন্যা পুলিশ সদস্য দীপ্তি রানীর সঙ্গে বিয়ে হয় সিদ্ধার্থের।
সিদ্ধার্থের মেঝো ভাই পার্থ এখন এইচএসসিতে পড়ছে। আরেক ভাই দেব্রত সরকার পড়ছে ৫ম শ্রেণিতে।
গত বৃহস্পতিবার রাজশাহীতে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে সিদ্ধার্থ গুরুতর আহত হলে তাকে ঢাকা সিএমএইচএ ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সেই রাতে মারা যায় সে। রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাত দশটার দিকে সিদ্ধার্থের লাশ তার গ্রামের বাড়ি এসে পৌঁছে। এ সময় তাকে দেখতে আসেন রংপুর জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, কাউনিয়া থানার ওসি আব্দুল লাতিফ মিঞা, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানসহ এলাকার সর্বস্তরের মানুষ। শহীদবাগ কেন্দ ীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে তার পারিবারিকসূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



