আলোতে
- মা, মানুষ মারা গেলে কোথায় যায়? নিস্পৃহ সুরে জিজ্ঞাসা রিয়ামের। পানির গ্লাসটা ভরে নেবেন বলে মা উল্টো ঘুরেছিলেন, প্রশ্নটা শুনে থমকে গেলেন। মাথাটা অল্প একটু ঘুরিয়ে কাধের উপর দিয়ে তাকানোর ভঙ্গী করে বললেন,
- আকাশে। মানুষ হলো আল্লাহর প্রিয় সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, তাই আল্লাহ মানুষকে মারা যাবার পর তারা করে আকাশে নিজের কাছাকাছি রেখে দেন। এর মাঝে রিয়াম বিছানা থেকে নেমে পড়েছে, আস্তে বিছানার কাছে জানালার ধারে গিয়ে শিক ধরে মেলে দিয়েছে দূর আকাশে চশমাবন্দী ক্ষীণ দৃষ্টি। পোকাগুলো তো তাহলে আল্লাহর প্রিয় নয়, পোকাগুলো মারা যাবার পর তাহলে কোথায় যায়? রিয়াম ভাবে।
চাপা স্বরে কান্নার আওয়াজ পায় রিয়াম। মা কখন এসে পানির গ্লাস দিয়ে গেছে আবার টের পায়নি ও। কান্নার উৎস ধরে এগুতেই বুঝতে পারে পাশের ঘরে মা কাঁদছেন। অস্ফুট একটা কন্ঠস্বর শুনে বুঝতে পারে বাবা মা কে স্বান্তনা দিচ্ছেন।
- কেঁদোনা... আল্লাহ চাহে তো সব... রিয়ামের বয়সই বা... আরেকটি বাবু...
টুকরো টুকরো কথা মালার মাঝে ক্রুদ্ধ স্বরে ফুঁসে উঠতে শোনে মা কে রিয়াম,
- আজে বাজে কথা বলবা না! আমার রিয়ামের... ফেরেশতার মতো ছেলে... আমার আর কারো দরকার...
দরজার জোড় দেয়া কাঠের ফাঁকে ঠেসে ঢোকানো পুটিং নখ দিয়ে খুঁটতে খুঁটতে রিয়াম ভাবে, আরেকটা বাবু হলে মন্দ হয় না! একসাথে খেলা যাবে। ওকে তার সব খেলনাগুলো দিয়ে যাবে রিয়াম। আর পোকাগুলোকে চিনিয়ে দিয়ে যাবে, ওগুলোর সাথে বন্ধুত্ব করিয়ে দিয়ে যাবে নতুন বাবুকে।
কষ্ট হয় রিয়ামের। ও বোঝে, কষ্ট হচ্ছে বাবার ও। ঠিকমতো ব্যাবসা দেখাশোনা না করায় আস্তে আস্তে কমতে শুরু করেছে ক্যাডবেরী চকলেটের গুনতি। সেদিন মায়ের কোর্তার পায়ের কাছে একটা ছেঁড়াও দেখতে পায়। আগে কোনদিন মায়ের শরীরে কোন ছেড়া কাপড় দেখেনি রিয়াম। কষ্ট হয় ওর। বোঝে ওর জন্য কষ্ট হচ্ছে বাবা, মা এর। এর সমাধান খুঁজে পায় না। ইতস্তত: পাহাড়ের চড়াই উৎরাই ধরে হারিয়ে যায়, মায়ের ব্যাকুল চিৎকার শুনে আবার ফিরে আসে, কিন্তু ফিরে আসার গতি ধীরে ধীরে হয়ে যায় স্লথ।
আবার যেদিন আকাশের কোনে কালো মেঘ জমে, ঘুরন্ত বাউলা বাতাসের সাথে পাল্লা দিয়ে উপরে উঠতে থাকে পোকাগুলো, পেঁজা তুলোর মতো যখন চারপাশে ঝরে পড়তে থাকে বাতাসে ভেসে, সেদিন মায়ের চিৎকার ধ্বনিত-প্রতিধ্বনিত হয় পাহাড়ের কঠোর বুকে। স্লথ গতিতে সেদিন পাথুরে পথ বেয়ে ফিরে আসেনা কোন ছোট ছোট পা। বৃষ্টি শেষে পানির ঢল পাহাড় বেয়ে নেমে যায় হাজার হাজার পোকার মৃত ঝাঁক নিয়ে এক নিগূড় খাদের দিকে, যেখানে জমা হয়েছে আশা, ত্যাগ, তিতীক্ষা, ভালোবাসা, অস্বচ্ছলতা, স্বপ্ন ও একটি চশমার ভারী কাঁচ...
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



