আমার পায়রা নাচানো দু'চোখের পাঁপড়ী অসম্ভব বেদনায়
অদৃশ্য অশ্রুতে ভরে উঠছে ক্রমাগত।
খুব জ্যোৎস্না লাগানো ভোরে বাঁশপাতার কোলাহল
ভারী হয়ে উঠলে যেমনটি হয়।
আমার দু'হাত ভরে আছে প্রকান্ড বরফে-
আমি হিম হয়ে যাচ্ছি-আমি ফুরিয়ে যাচ্ছি-
আমার চারিদিকে গ্রীষ্মের দুপুর-
আমার চারিদিকে হেমন্তের জ্যোৎস্না-
আমার দু'বাহুতে অনন্ত হিম-
আমার দু'চোখে অসীম অন্ধকার-
আমার শিরা উপশিরায় বেদনার গন্ধ-
আমি তৃপ্ত কিংবা প্রকান্ড এক অতৃপ্ত জলজ।
চারিদিকে জল
হিজলের ছাল বেয়ে নামে খুব ধীরে
আমাকে ভাসাবার প্রয়াস- আমি ভেসে যাব
যেখানে ফুরিয়ে এসেছে শুকরের রক্তের বন্য উন্মাদনা
যেখানে রক্তাক্ত উঠান ভরে আছে নিমফলে
যেখানে চারিদিকে শুধু ঘাস- বাঁশপাতা
বাতাসে হিমের ঘ্রাণ- নীল রঙের দূর্নিবার বেদনার গন্ধ
তার চোখের জল
ভাষাহীন কচুরীপনার অব্যক্ত কান্না
এবং রক্তাক্ত প্রশান্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



