গত তিনদিন ঘোর আমাবস্যায় আমার হাতের সমস্ত রেখা
আমুলে পাল্টে গেছে- অর্থাৎ আমি ষড়যন্ত্রে পড়েছি।
ডেকের ওপর বসে থাকি চুপচাপ- নীল চেয়ারে
বাঁধানো খাতার কভার উল্টানো হয়ে ওঠে না-
পড়ে থেকে নীরবে
আমার চারিদিকে সুনসান নীরবতা
একঘেয়ে সুর ছলাৎ ছলাৎ- শুধুমাত্র এবং আমি
প্রচণ্ড এক ঘোরে বিদ্যমান।
আমার দুহাতে দুখানা তাবিজ- লাল আর সাদা
স্যাঁতস্যাঁতে ভ্যাবসা গন্ধ তিরতির করে ছুটে আসে অহর্নিশ।
আলমডাঙ্গার হাট পেরিয়ে জংলা বন- তারপর নদী
নদীর ওপারে বুড়ো অশ্বত্থ- আর বুড়ো জটায়ু
বহুদিন ধরে আগলে রেখেছিল – আমার অপেক্ষায়
ঘোর আমাবস্যা- তিনদিন তিনরাত
এরকমই সময়ের প্রতিক্ষায়।
আমি বসে আছি ডেকে
নীল চেয়ার- বাঁধানো নীল খাতা
দুই হাত সামনে প্রসারিত- অনন্ত সাগরে-
আমার হাতের রঙ পরিবর্তন হতে শুরু করেছে
টকটকে লাল- যেন এইমাত্র কোন এক সুন্দরীর টুঁটি টেনে
ছিড়ে ফেলেছি- কিংবা প্রশমিত করেছি তার প্রসব যন্ত্রণা।
আমার পায়ের নিচে সমুদ্র- নীল হয়ে
ক্রমশ আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছে
আমার রক্ত যেন এক্ষুনি চিৎকার করে
বলে উঠবে, আমি বিষে জর্জরিত।
ঝিরঝিরে বাতাসে আমার পাতলা চুল ওঠে- বাতাসে
বাতাবি লেবুর ঘ্রাণ- আর আমি
নিরবে চোখ মেলে দেখি- চারিদিকে
ঘোর অন্ধকার।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



