আপনি একজন কবি?
হ্যাঁ, আমি একজন কবি।
কী করে জানেন?
আমি একটা কবিতা লিখেছি।
যখন কবিতা লেখেন, তখন আপনি কবি। কিন্ত এখন?
কোনো-একদিন আরেকটা কবিতা লিখবো আমি।
তখন হয়তো আপনি আবার কবি হবেন। কিন্তু ও-যে সত্যি কবিতা হবে, তা আপনি কী করে জানবেন?
ঠিক আগেরটার মতোই হবে ওটা।
তা যদি হয় তো সে মোটেই কবিতা হবে না। কোনো কবিতা শুধু একবারই হয়- দুবার সে কখনও একরকম হয় না।
আমি বলতে চেয়েছিলুম যে ঠিক আগেরটার মতোই ভালো হবে।
কিন্তু আপনি নিশ্চয়ই সত্যি-সত্যি তা বলতে চাননি। কোনো কবিতার ভালোত্ব কেবল একবারই সম্ভব- আর তা আপনার ওপর নির্ভর করে না, নির্ভর করে পরিস্থিতির ওপর।
আমার অনুমান পরিস্থিতি একই রকম থাকবে।
তাই যদি আপনার মত হয়, তবে কষ্মিনকালেও আপনি কবি ছিলেন না, এবং কোনোকালে হবেনও না। অথচ তবু কেন নিজেকে আপনি কবি বলে ভাবেন?
সত্যি-বলতে, আমি নিজেই জানি না...
কিন্তু আপনি কে?
----মিরোস্লাভ হোলুভ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




