তোমার কি আজ মন খারাপ মৃন্ময়?
মন খারাপ! জানি না তো। হতে পারে।।
হ্যাঁ আমি জানি তোমার আজ ভীষণ মন খারাপ। কারণগুলোও আমি জানি। বেশী মন খারাপ বলে তুমি তা বুঝতে পারছ না। আমি তো জানি তুমি কেমন। তুমি তো তোমার নামের মতোই, ঠিক মাটির মতো।
হ্যাঁ আমি ঠিক অনুভব করতে পারছি না, আমার মন কেমন আছে সে প্রশ্নের সম্মুখীন হতে হবে জানলে মনের সাথে এক দফা বৈঠক করে নিতাম।
আমি কি কারণগুলো বলবো? অনুমতির প্রয়োজন আমার কখনো পড়েনি। আজও তার ব্যতিক্রম কিছু হবে আমি ভাবছি না। তোমার মা-বাবা, বোনদের কথা তোমার মনে পড়ছে না! তোমার ভাগনে-ভাগনীর চেহারা কি তোমার অনুভব জুড়ে আছে না!
আমি তো মনে করি আমি একখানা ভাবলেশহীন মানুষ, এসব ঠুনকো কারণগুলো নিয়ে আমার মন খারাপ হবে আমি তো ভাবতেই পারিনা। তুমি তো জানো আমি কতোটা পাষাণ!
হাসি পায় আমার বড্ড। সত্য কথাগুলো স্বীকার করলে কী হয়, মৃন্ময়?
কী যে বলো না! মাটি খুব শান্ত, শুধু খনির ভিতরে দাবদাহ
হঠাত বিস্ফারে তার ফেটে গেছে পাথরের চাড়। নিঃসাড় ধুলায় দাও উড়িয়ে...
এই তো! এই তো! ব্যথা ফুটে উঠছে।
হ্যাঁ, আজ আমার ভীষণ মন খারাপ। আজ আমি খুব একা। যে ঘরখানা কিছুদিন আগেও লোকজনের সমাগম ছিলো আজ সেখান আমি ছাড়া কেউ নেই। একাকীত্ব কাটছে না কিছুতেই। জোর আওয়াজে গান শুনছি সেই কখন থেকে। ভাবতেই অবাক লাগে সময় এতো দ্রুত কেটে যায়। এইতো সেদিন ২৯ নভেম্বর ২ বছর পর বাবা-মা দেশে ফিরলো, এপ্রিলের ১৭-তে ৭ বছর ৪ মাস পর ছোট আপা তার দুই মেয়ে নিয়ে এলো, ২৩ এ বড় আপাও ৭ বছর পর তার ছেলে নিয়ে এলো। কতো ছুটোছুটি করলাম। আর আজ পুরো বাড়িটা জুড়ে আছি আমি। ভীষণ একা। ৬ মে চলে গেলো ছোট আপু, ১৯ তারিখ গেলো মা-বাবা আর আজ বড় আপাও তার পরিবার নিয়ে পাড়ি জমালো উড়োজাহাজে করে আপন নিবাসে। একাকীত্ব আমার কখনোই খারাপ লাগে না, যদি সেটা অনবরত ঘটতে থাকে। কিন্তু মাঝখানে ব্যঘাত ঘটলে একাকীত্ব বড্ড অসহনীয় মনে হয়। এই অসহ্য সময়কেই তুমি মন খারাপের অবস্থা বুঝাচ্ছো?
তাহলে তুমি স্বীকার করলে? যেমন সেদিন তুমি স্বীকার করেছিলে তুমিও ভালোবাসতে পারো।
সেদিনের কথা আজ থাক। আজকের কথাই আজ বলি। চিতকার করে বলতে চাই, আজ আমার মন ভালো নেই। পাথরেরও মনখারাপ হয়, আর আমার হবে না?
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


