
ভূগর্ভস্থ কেবল প্রযুক্তি ও টানানো তারের ইন্টারনেট প্রযুক্তির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে উল্লেখ করে ফাইবার অ্যাট হোমের প্রধান নির্বাহী রফিকুল ইসলাম বলেন, তাঁদের কারিগরি দল বর্তমানে যথেষ্ট উন্নত। ভবিষ্যতে এ ধরনের সমস্যা হলে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার মোক্তাবুর বলেন, ১০ জুন রাত নয়টা ২০ মিনিটের পর থেকে বেশ কিছু সংযোগে ইন্টারনেট সেবা পেতে সমস্যা হচ্ছে।
মোক্তাবুরের ভাষ্যমতে, ‘মতিঝিল এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ফাইবার অ্যাট হোমের ভূগর্ভস্থ কেবলের মাধ্যমে সেবা দান করে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ৪৮ ঘণ্টারও বেশি ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়।’
ভূগর্ভস্থ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কারিগরি দক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করে আইএসপিএবির পরিচালক অভিযোগ করেন, ফাইবার অ্যাট হোমের কাছে অসহায় হয়ে পড়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যখন নিজেরা কেবলের মাধ্যমে সংযোগ দিত, তখনো কারিগরি ত্রুটি সমাধানে এতটা সময় লাগত না বলেও দাবি করেন তিনি।
আইএসপিএবির সাধারণ সম্পাদক আবদুল হাকিমের ভাষ্য, ‘ফাইবার টু দ্য বিল্ডিং’ প্রযুক্তির মধ্যে যেসব আইএসপি (ইন্টারনেট সেবা) রয়েছে, সবাই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রয়েছে। কিন্তু দ্রুত এ সমস্যার সমাধান করা হচ্ছে না। ফাইবার অ্যাট হোম নেটওয়ার্কের ওপর অতিরিক্ত চাপ হয়তো সমস্যা আরও জটিল করে তুলছে।’ এ ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি ও জনবল বাড়িয়ে সমস্যা সমাধান করার দাবি জানান তিনি।
রফিকুল ইসলাম বলেন, ফাইবার অ্যাট হোমের পাঁচ হাজারের বেশি সংযোগ আছে, যার মধ্যে শুধু মতিঝিলেই রয়েছে এক হাজারেরও বেশি। এই এলাকার সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে—আইএসপিএবির এই দাবি ঠিক নয়। তবে মতিঝিল এলাকায় কিছুটা কারিগরি সমস্যা থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ১০০টির মতো সংযোগে সমস্যা থাকতে পারে। তবে সমস্যা একসঙ্গে হয়নি। কোনো সংযোগ ঠিক করার পর আবার হয়তো কোনোটিতে সমস্যা হচ্ছে। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


