পর্তুগালের লুইস ডি মাতোসের বয়স এখন ২৬ বছর। প্রায় ১২ বছর আগে স্কুলের একটি দুর্ঘটনায় চলনশক্তি হারান তিনি। অস্ট্রেলিয়ার সিডনি সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে ইমাজিন কাপে এই লুইসকে দেখা গেল একটি হুইল চেয়ারে ঘোরাফেরা করতে। তাঁর হুইল চেয়ারের পেছনেই আসছে আরেকটি চার চাকার বাহন, যাতে বিভিন্ন জিনিসপত্র রাখা। সেটির কোনো চালক নেই। কোনো তার ছাড়াই লুইসের হুইল চেয়ারের পেছন পেছন যাচ্ছে সেটি। পর্তুগালের উইগো নামের এই প্রকল্পটি জিতে নিয়েছে ইমাজিন কাপের সফটওয়্যার ডিজাইন বিভাগের তৃতীয় পুরস্কার।
সিডনিতে মাইক্রোসফট করপোরেশনের আয়োজনে ইমাজিন কাপের দশম আসরে মঙ্গলবার বিকেলে জমকালো এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। তরুণ শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী শক্তির এই প্রতিযোগিতায় কাপ পেয়েছে ইউক্রেন। ইমাজিন কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ সফটওয়্যার ডিজাইনে ইউক্রেনের কোয়াডস্কোয়াড দলটি শীর্ষস্থান পায়। বাকপ্রতিবন্ধী, যাঁরা ইশারা ভাষা ব্যবহার করেন তাঁদের জন্য ‘এনাবল টক’ নামে সফটওয়্যার বানিয়েছে দলটি। এটি ইশারা ভাষাকে কথায় আর কথাকে ইশারা ভাষায় রূপান্তর করতে পারে। ইউক্রেন পুরস্কার হিসেবে পেয়েছে ২৫ হাজার ডলার। সফটওয়্যার ডিজাইনে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে জাপান ও ইউক্রেন।
অস্ট্রেলিয়ায় এখন শীতকাল। বেশির ভাগ গাছই প্রায় পত্রশূন্য। মঞ্চের পেছনের বড় পর্দাতেও সেই শীতের পাতা ঝরার ছবি। অস্ট্রেলিয়ার আদিবাসী অ্যাবোরজিনাল শিল্পী ম্যাথিউ ওয়েলের ডিজেরিডো বাঁশি বাজানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর নাচের দল ব্যাঙ্গারার আদিবাসী নৃত্য। এভাবেই ইমাজিন কাপের দশম আয়োজনের জমকালো সমাপনী অনুষ্ঠান শুরু হয়। মাইক্রোসফট করপোরেশনের কর্মকর্তারা বক্তৃতা দিতে গিয়ে জানান, এখানেই শেষ নয়, শিক্ষার্থীদের জন্য এটা শুরু। এবারের আয়োজনে অন্যবারের চেয়ে বেশি উদ্ভাবনী প্রকল্প দেখা গেছে বলেও তাঁরা জানান। ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে আগামী ছয় মাসের মধ্যে উইন্ডোজ-৮-সহ কম্পিউটার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ইমাজিন কাপে সেরা পুরস্কারটি ইউক্রেন পেলেও বেশি পুরস্কার পেয়েছে ব্রাজিল। দেশটি মোট চারটি পুরস্কার পেয়েছে। তিনটি ডিজাইন প্রতিযোগিতা, পাঁচটি চ্যালেঞ্জ এবং বিশেষ তিনটি বিষয়ে মোট ২৭টি পুরস্কার দেওয়া হয় এবারের আয়োজনে।
ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে বিংয়ের সৌজন্যে পিপলস চয়েস অ্যাওয়ার্ড এবার পেয়েছে ভারতের ডি-ল্যাব প্রকল্প। রোববার পর্যন্ত এগিয়ে থাকলেও বাংলাদেশের অন্নপূর্ণা শেষ পর্যন্ত তৃতীয় স্থানে চলে যায়। কোকাকোলার সৌজন্যে পরিবেশবিষয়ক পুরস্কার পেয়েছে জার্মানির গ্রিনওয়ে এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বিজয়ী হয়েছে ইতালির দি ফিফথ এলিমেন্ট প্রকল্প।
ফোনের জন্য গেম ডিজাইন বিভাগে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
উইন্ডোজ ও এক্সবক্সের জন্য গেম তৈরিতে প্রথম পুরস্কার পেয়েছে থাইল্যান্ড। পাঁচটি চ্যালেঞ্জ বিভাগে প্রথম পুরস্কারগুলো পেয়েছে ব্রাজিল তিনটি এবং ফিনল্যান্ড ও রোমানিয়া একটি করে।
বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন মাইক্রোসফট করপোরেশনের করপোরেট ভাইস প্রেসিডেন্ট এস সোমাসেগর, ওয়ালিদ আবু হাবদা, ড্যানিয়েল লিউইন, মাইক্রোসফট অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক পিপ মারলো, অস্ট্রেলিয়ার অভিযাত্রী জেসিকা ওয়াটসনসহ অনেকে।
অনুষ্ঠানে ধন্যবাদ জানান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার অ্যাডাম স্টোনার। ইমাজিন কাপের পরবর্তী আসর বসবে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ২০১৩ সালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




