দলকচু
মুবিনুর রহমান
বিছানা পাতা এখনো
তোলা হয়নি লেপ-বালিশ
শরীরের আলস্য লেগে থাকা
বিছানার চাদরে এখনো
ছাপা আছে গত রাতের কান্না।
বিভীষিকাময় স্বপ্নযুদ্ধে প্রতিদিন
এসে হানা দেয় দাঙ্গাবাজ বিমান,
দমাদম কামান-গোলা আর
সটারররর্ শব্দ তোলা মেশিনগান।
মাথার উপর ভোঁ ভোঁ করে
নীল মাছিদের মতো ভন ভন করে
অ্যাপাচি হ্যালিকপ্টার কিংবা মিগ ২৯।
জীবনের জন্য যুদ্ধ না কি
যুদ্ধের জন্য জীবন - বুঝিনা!
হাজারে হাজারে কাতারে কাতারে
মানুষ মরে কান্দাহার, বসরা কিংবা ইসলামাবাদে...।
ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ
ভালোবাসায় বোনা কাঁটাতারে
ঝুলে থাকে ফালানিরা কতশত।
তবুও চুক্তি হয়, বিরতী হয়,
বন্ধ হয় বন্দর, যাওয়া-আসা।
সব দেশের মানুষই তো ঘুমায়,
দেখে স্বপ্ন অবিরত সুন্দরের,
তারপরও হায়!
প্রজাপতির ডানায় রঙ না ছড়িয়ে
ছড়ায় গোপন ষড়যন্ত্রের অমোচনীয় কালি।
জাত পাত দেশ আলাদা কি
মানুষ ছাড়া?
মানুষই তো সব।
শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা
কোটি বছরের উত্তরাধিকার
দূরীভুত হয় সামরিক লালসায়।
বাতাসের গতি কি রোধ করা যায়,
যায় কি থামিয়ে দেয়া
মেঘেদের আঁকিবুঁকি?
তবে কেন আমার বিছানায়
পরী নামে না, লেগে থাকে
ভীত সন্ত্রস্ত কান্নার দাগ?
মহান রাষ্ট্রপ্রধান আর মহামান্য সরকার
তোমাদের ছিনিমিনি খেলায়
আমরা পুকুরের সব ব্যাঙ
মরছি অবলীলায়-শরীরে ও মননে।
ক্ষান্ত দাও তব মানুষেরই বাচ্চা।
২৫/০১/২০১১
ময়মনসিংহ
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



