শাপমূণ্যি
মুবিনুর রহমান
চলে যে যাবে সে তো জানি
কিন্তু আজই যে সে দিন
তা কী করে মানি।
মানা না মানায় কী আসে যায়?
দিন যে শেষ হয়
ক্ষয় হয় সময়
তবুও কি থামে পরাজয়?
আজব নেতা গলায় তৃপ্তির
ঢেঁকুর তুলে ভাবে
ভালই তো যাচ্ছে সব -
ক্ষমতা, আরাম, বক্তৃতা
চৌবাচ্চার মতো বাকশো থেকে বাকশে
একেবারে মেঠো গ্রামে
তৃণমূল কিংবা বৃক্ষ শাখা
সবাই তো মাখা মাখা
আমারই কথায়।
বোকা জনতা হাঁসফাঁস করে
বাঁচতে চায় আগুনে ঝাপ দিয়ে
তবুও তো থামে না উর্ধ্বগতি
চাল ডাল তেল নুনের দাম!
আমরা যারা ভদ্র লোক
সভ্যতার ফুটো হওয়া
চাদর মুড়ি দিয়ে
ভাবছি শীত কোথায়!
শাপমূণ্যি করি ঘরে বাইরে
আড্ডায় বন্ধু মহলে ‘সব গেল গেল’ বলে।
অথচ এখনো ভয় করে
আমার পথ চলতে
কখন কোথায় ওঁত পেতে আছে
নির্মম ছিন্নকারীর দল।
যদিও ওয়ালেটে জাতীয় পরিচয় পত্র,
কিছু ভিজিটিং কার্ড,
বঙ্গবন্ধুর ছবি ছাপানো কয়েন আর
বউয়ের পাসপোর্ট সাইজ ছবি
ছাড়া আর কিছু নেই,
তারপরও তো আমার!
স্বতন্ত্র আমির যে নিরাপত্তা
পাখির মতো ওড়ার সাধ
কী করে দাবাই বলো;
কী ই বা আর আমার অপরাধ?
দিনে দিনে ছিন্ন বিচ্ছিন্ন মানুষ
যাচ্ছে সরে সাগর বুকে
ভেসে থাকা বরফের চাঁইয়ের মতো,
দূরে আরো দূরে
নিজে মতো করে গলছি অবিরাম।
অবরুদ্ধ নেতার মুক্তি ঘটবে
অপুর সাথে সত্যিই কাঁধে হাত রেখে
দু’চোখ ভরে দেখা হবে
রেলগাড়ি ভাবে দূর্গাদিদি।
চলে যদি যাবো
তবে কেন নয় নিজের বাড়ি।
০১/০৩/২০১১
নেত্রকোণা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



