বহুকালের দিনের পরে একবারই খুব সন্ধ্যা হল।
আমাদের হাজার ইতিহাসের এই একটা কেবল বলার মতোন।
একবারই পুরো জনমের ইতিহাসে শ্রাবণ শেষে ফাগুন এল।
একবারই সব ফুলের সাথে ঘোলা জলের দেখা হল।
অন্ধকারে একবারই কেউ আগুন ছাড়া জ্বলেছিল।
শরীর পোড়া হলদে গন্ধ নিয়ে সেই প্রথম , সেই শেষ!
এরপর তুমি চলে গেলে, আমি ছায়ার সুরে
ফিরে এসে দেখি সমস্ত ঘ্রাণ ভুলে ফেলে গেছ ঘরে।
আর যতক্ষণ শরীরে মিলেছে শরীর, ভেসে ভেসে
সব ছবি ছাই হয়ে আছে।
জলে একবারই কেবল ফুল ছিল, তুমি ছিলে, হলদেরঙের গন্ধ ছিল।
বহুকালের দিনের পরে একবারই খুব সন্ধ্যা হল।
আমাদের হাজার ইতিহাসের এই একটা কেবল বলার মতোন।
ছবি: ফ্লোরেন্ট বঁসিনো
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



