পুকুরের ঘাটে বসে রুদ্ধশ্বাসে শুধু
তোমারি অপেক্ষায় কেটেছে বেলা,
যতটাই ভাব শুধু এতটুকু মনে রেখ
তোমায় কখনো আমি করিনি হেলা।
যতটা স্বপন দেখে হেটেছিলাম পথে
এমন হওয়ার কথা ছিলনা,
নয়নে ছলকে উঠা জলকে প্রশ্ন করি
আজো কেন তুমি র'লেনা।
হেটে গেছি বহুদূর স্বপনে স্বপন রেখে
হাতে হাত রাখা আজ হলনা,
পারিনি স্বপ্নগুলো মেলাতে একটি ছকে
হল যেন আজ সব যাতনা।
পরিবার বাঁধা হয়ে দাড়াল পাহাড় হয়ে
বেঁধে দিল পথ যেন দু’জনার,
গড়ে দিতে ব্যবধান করল তৈরী সবে
এক অনতিক্রম্য পারাবার।
আসল নতুন ভোর আয়োজন পুরো হল
তোমাকে চিরতরে হারাবার,
জ্বলল রঙ্গিন বাতি সাজল নতুন দিন
আসল তোমায় সবে সাজাবার।
আলোকিত মঞ্চে বসে আছ যবে তুমি
লাল মেহেদীতে হাত রাঙ্গাতে,
রাঙ্গাচ্ছি রক্ত দিয়ে তখন মন আমার
ঘাটের সে আলো আধারিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



