'স্টোর'-কে 'ষ্টোর', 'স্টিমার' কে 'ষ্টিমার' , 'স্টাইল' কে 'ষ্টাইল' আর 'স্টল' কে 'ষ্টল' লেখা পুরনো ভুল । সে চিন্তা তাই মাথা থেকে ফেলেই দিয়েছিলাম । কিন্তু চিন্তা মাথা থেকে ফেললেও, মাথাটা আর ফেলা গেলোনা। তাই ইচ্ছের বিরুদ্ধেই যখন তখন 'রেস্তোঁরা'-কে 'রেষ্টুরেন্ট' পড়তে হয়, 'ফ্রি' কে 'ফ্রী' পড়তে হয়, 'পুলিশ' কে 'পুলিস' আর 'রমযান' কে 'রমজান' পড়তে হয় । আমরা জীবনানন্দ 'দাশ' কে, 'দাস' বানাতে দুবার ভাবিনা, 'শ্রেণি' কে 'শ্রেণী' লিখতে মোটেও দ্বিধাবোধ হয়না । এমনকি আমরা হিসেববিজ্ঞানের উপর স্বাস্থ্যবান একটা বই লিখে তার প্রচ্ছদে 'নিউ গ্রিন' কে 'নিউ গ্রীণ' লিখতেও একদমই লজ্জিত হয়না ।
এখানেই শেষ নয় । আমরা পাছায় চুলকানি সহ্য করতে না পেরে হ্রস্বকে দীর্ঘ করি; আমরা 'সূচিপত্র' কে 'সূচীপত্র ' করি, 'পদবি' কে 'পদবী' করি, কিংবা 'কিংবদন্তি' কে 'কিংবদন্তী' উপাধি দিয়ে নিজেকে ধন্য মনে করি ।
আমরা 'আযান' কে 'আজান' লিখি, 'নামায' কে লিখি, 'নামাজ' , 'জোহর' কে 'যোহর' আর 'মুয়াযযিন' কে 'মুয়াজ্জিন' লেখার পর মাঝেমধ্যে সন্দেহ হয় আমাদের এ ভুলগুলো ইচ্ছাকৃত নাতো!
'রং' কে রঙ লিখি, 'সং' কে 'সঙ' লিখি, 'বৃষ্টি' কে নিয়ে কবিতা লিখতে গিয়ে ভুলে-চুলে 'বৃস্টি' কে নিয়ে লিখি, আবার 'বৃস্টি' কে প্রেমপত্র দিতে গিয়ে 'বৃষ্টি' কে সম্বোধন করে বসি ।
বানানে আমাদের ভুলের তালিকা নেহায়েৎ কম নয় । বলতে গেলে বিশাল সে এক ফিরিস্তি হয়ে যাবে । অথচ আমরা একটু সতর্ক হলেই এই ভুলের হার কমতে পারে ।
যে ভাষাতে কথা বলেন, তাকে একটু অন্তত ('অন্ততঃ' হবেনা) একটু ভালোবাসতে শিখুন । আসুন । আমরা সবাই শুদ্ধ বানানের ক্ষেত্রে আরেকটু সতর্ক হয় ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



