এইচআইভি-এইডস এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান: সমন্বয়ই বদলে দিতে পারে সব
বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি আক্রান্ত ব্যক্তি সনাক্ত করা হয়। তারপর থেকে এপর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই এইচআইভি-এইডস প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এইচআইভি সংক্রমণের মাত্রা বাংলাদেশে অনেক কম হলেও সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ আশংকাজনকভাবে বিরাজমান। উপরন্তু, এইডস প্রতিরোধে যথাযথ জ্ঞান ও প্রস্তুতির অভাব এখনও সমাজে প্রকট। । যেকোনো সময়এইচআইভি-এইডস মহামারির আশঙ্কাকে তাই একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে শুধুএইডস নয়, প্রকৃত পক্ষে আমাদের দেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য ক্ষেত্রের সামগ্রিক চিত্রটিই নাজুক। অথচ যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং এইচআইভি-এইডস একই হেলথ ডায়ালগের অন্তর্ভুক্ত হলে গোটা পরিস্থিতিরই দ্রুত উন্নতি সম্ভব।
সাধারণত যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা আমাদের দেশে হয় না। আমাদের নানান সংস্কার ও ধর্মীয় গোঁড়ামিই এর বড় কারণ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগত কারণে দেশের অধিকাংশ মানুষ এখনও পর্যন্ত এইচআইভি ভাইরাস এবং এইডস রোগের প্রকৃতি সম্পর্কে অবগত নয়। কীভাবে এই রোগ ছড়ায়, কীভাবে ছড়ায় না, যথাযথ প্রতিরোধ এবং রোগীর শুশ্রƒষার ক্ষেত্রে কী করণীয় তা বেশিরভাগ মানুষ এখনও জানে না। তাই এইচআইভি এইডস সম্পর্কে জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এই বিষয়টিকে সাধারণ প্রজনন স্বাস্থ্য শিক্ষার অন্তভূক্ত করে মূলধারার শিক্ষাব্যবস্থার সাথে সমন্বিত করা উচিত। বয়োসন্ধিকাল পেরোনোর আগেই সবাইকে এবিষয়ে সচেতন করে তোলার ক্ষেত্রে এটিই হতে পারে যুগান্তকারী প্রচেষ্টা।
শিক্ষা ও পাঠ্যক্রমে পরিবর্তনের পাশাপাশি এইচআইভি-এইডস-এর সাথে জড়িত সকল পর্যায়ের সংগঠনগুলিরও গণমাধ্যমকে যথাযথভাবে কাজে লাগানোর যুগোপযোগী পরিকল্পনা করা দরকার। রেডিও, টিভি, চলচ্চিত্রসহ অন্যান্য গণমাধ্যমের সাহায্যে জনগণকে এবিষয়ে সচেতন করে তোলার বিশাল সুযোগ এখনও বিদ্যমান। শ্রেণী-বর্ণ-পদমর্যাদা নির্বিশেষে সকল সাধারণ জনগণকে প্রভাবিত করতে এবং এইচআইভি-এইডস বিষয়ে সচেতন করে তুলতে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম।
উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে অনিরাপদ বা ঝুঁকিপূর্ণ গর্ভপাতজনিত কারণে প্রতি ৮ মিনিটে একজন নারী মারা যায়। সরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে দেখা গেছে মাতৃত্বকালীন মৃত্যুর শতকরা ৮০ ভাগই হয়ে থাকে ধাত্রীবিদ্যাজনিত জটিলতার কারণে। উপরন্তু, বাংলাদেশের জনগণের এক চতুর্থাংশই কিশোর-কিশোরী যারা বয়োসন্ধিকাল অতিক্রম করছে। বিশ্বায়নের প্রভাব, নগরায়ন, বিয়ের বয়স পিছিয়ে যাওয়া এবং মেলামেশার সুযোগ বৃদ্ধির কারণে কিশোর-কিশোরীরা আরটিআই, এসটিআই, এইচআইভি-এইডস এবং অনাকাক্সিক্ষত মাতৃত্বের ঝুঁিকর মধ্যে আছে। অথচ এসমস্ত বিষয়ে তাদের যে তথ্য এবং সেবা প্রয়োজন তা থেকে তারা বঞ্চিত হলেও মা-বাবা, পরিবার, সমাজ, শিক্ষাব্যবস্থাÑ এমনকি স্বাস্থ্য ব্যবস্থারও সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই। বয়োসন্ধিকাল পেরোচ্ছে এমন ছেলেমেয়েরা তাদের সহপাঠী বা সমবয়সীদের কাছ থেকে শিক্ষালাভ করে থাকে। কিন্তু এবিষয়ে তাদের যথেষ্ট জ্ঞান নেই বা বা থাকলেও ভুল জ্ঞান আছে। ভুল জ্ঞান থেকে ভুলেরই পুরাবৃত্তি হয়। যৌন ও প্রজনন-স্বাস্থ্য এবং এইচআইভি-এইডস বিষয়ে তাদের সঠিক এবং পূর্ণাঙ্গ জ্ঞান দেয়াটা তাই জরুরি। এই দুটি বিষয় আমাদের দেশে আলাদাভাবে বিবেচনা করা হয় এবং আলাদাভাবেই এ-বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয় যা কিশোর-কিশোরীদের এবিষয়ক তথ্য সংগ্রহের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।
যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস-এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষরকারী একটি দেশ হলেও যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক যুগোপযোগী কার্যক্রম শুরু করতে ও তার সফলতা পেতে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। প্রকৃত সুফল পেতে হলে আরও অনেক বেসরকারি সংস্থা এবং বাংলাদেশ সরকার-কে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন (বিডব্লিউএইচসি) সম্প্রতি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সংস্থার (এফপিএবি) সহায়তায় প্রান্তিক নারী, শিশু, কিশোর-কিশোরীদের উন্নতমানের প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে একটি মডেল স্থাপন করেছে। এইচআইভি-এইডস প্রতিরোধেও প্রতিষ্ঠান দুটি একসাথে কাজ করছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং এইচআইভি-এইডস কে সমন্বিতকরণের লক্ষ্যে একটি ইতিবাচক ভিত্তি তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করে গণমাধ্যমগুলোর মাঝে এ বিষয়ে সংবেদনশীলতা বাড়াতে পরিবার পরিকল্পনা আন্দোলনের অগ্রগামী শক্তিগুলো এখন একসাথে কাজে শুরু করেছে।
আগেই উল্লেখ করা হয়েছে আমাদের দেশে বর্তমানে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং এইচআইভি-এইডস সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম চলমান তা সমন্বিত নয়। সমন্বিত কার্যক্রম পরিচালনা ও তা থেকে সুফল লাভের একটি ভালো দৃষ্টান্ত হতে পারে ইপিআই এবং পোলিও হ্রাসকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় (স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর) কর্তৃক গৃহীত সমন্বিত উদ্যোগ। এরকম সমন্বয় সাধনের ফলে একই কার্যক্রমের পুনরাবৃত্তির সম্ভাবনা যেমন কমে আসবে তেমনি দ্রুত সফলতা লাভ সম্ভব হবে এবং কার্যক্রম পরিচালনা ব্যয়ও হবে কম যা অন্য কোনো ক্ষেত্রে বা অন্য জনগোষ্ঠীর জন্য ব্যয় করা সম্ভব।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি এখন বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে শহর এলাকায়। এসব শহরগুলো ঘনবসতিপূর্ণ এবং এইডস ছড়িয়ে পড়ার ঝুঁকিও এসব জায়গায় বেশি। ইন্টারনেটে প্রবেশের সুযোগ আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় এবং কিশোর-কিশোরীদের কাছে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন তথ্য ছড়িয়ে দেয়ার জন্য সবচে সহজ এবং কার্যকর উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। এইচআইভি-এইডস সংক্রান্ত তথ্যগুলো যাদের সবচে বেশি প্রয়োজনÑ সেই কিশোর-কিশোরীদের কাছে তা এখন খুব সহজে পৌঁছে দেয়া এবং তাদের দৃষ্টি আকর্ষণ করার একটি সহজ উপায় হতে পারে এই মাধ্যম। এছাড়া প্রজনন স্বাস্থ্য ও এইচআইভি-এইডসÑ এই দুটি ক্ষেত্রকে সমন্বয় করার কাজেও এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নতুন সুযোগ সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব গণমাধ্যম যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে সাধারণ যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং এইচআইভি-এইডস -সংক্রান্ত তথ্যগুলো একই হেলথ ডায়ালগ-এর সাথে সমন্বিত করা সম্ভব। আর এই সমন্বয়করণের মাধ্যমে কম বয়স থেকেই মানুষকে ঘাতক এইচআইভি-এইডস সম্পর্কে পুরোপুরি সচেতন করে তোলা যেমন সম্ভব তেমনি দেশের সামগ্রিক প্রজনন স্বাস্থ্যেও ঘটবে দ্রুত উন্নতি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

