
আমি আর তুমি-
যখন মিলিত হই
হই দুজন মুখোমুখি-
তখন-ভুলে যাই দুনিয়া
সকল বাস্তবতা ভুলে
কেবল তোমায় দেখি।
তোমার মাঝে মিশে থাকা
আমার সুখগুলো খুঁজি
খুঁজি তৃপ্তি,
ভালোবাসার মাধুরী মিশানো
মনের আকাশে দেয়
প্রেম উঁকি।।
চারিধার নীরব স্তব্ধ-
সুনসান হয়ে যায় আমার ভুবন
যেন ঋষি,
ধ্যান-জ্ঞান-সমস্ত সত্ত্বায় কেবল
মিশে থাকো তুমি।
তোমার প্রতিটি লাইন জুড়ে-
মিশে থাকে আমার সব
সুখের অনুভূতি,
কল্পনা আর স্বপ্নের মিলন ঘটে-
যখন থাকি আমি আর তুমি।।
প্রিয়ার ভালোবাসা
বিচ্ছেদ, বিরহ যাতনা
এক নিমিষেই যাই ভুলি!
তোমার প্রতিটি শব্দ
ছন্দ-তালে দেখি হিয়ার নাচন
এ নয় পাগলামী।
এ এক গভীর ভালোবাসা
একান্ত আবেগ মিশানো কথা,
তোমার জন্য হব যুগিনী,
তপস্যা-সাধনায় বেঁধে রাখবো
হব না কভু আলাদা-
কবিতা আর আমি।।
আকাশ-পাতাল
দিনের আলো-রাতের অন্ধকার
নীরবতায় অনুভবে খুঁজি,
তোমায় গড়বো বলে,
শব্দের পর শব্দ সাজাই
যেন ইট-পাথরে ইমারত গড়ি।
কত মধুর এই সম্পর্ক!
ভালোবাসার গভীরতা আর
মুগ্ধতায় পূর্ণ, চির অমর সঙ্গী,
হাসি-কান্না, আনন্দ-উল্লাস
বেদনায়-সুনিবিড় বন্ধনে আবদ্ধ
আমি আর তুমি।।
আমায় পাগল বলো না,
ভেবো না সময়-জ্ঞানহীন
কিংবা সাধক-সন্যাসী।
প্রেমে অন্য আসুক-চাই'না
তাই তো স্তব্ধ, ভাষাহীন
খুব নীরব আর একা আমি।
ভাবনায় প্রেম-শব্দের সন্ধানী
স্বপ্নের আকাশে কল্পনায় উঁড়ি।
মিশেই রবো-কবিতা আর আমি,
ডরি না, কেউ না দিক স্বীকৃতি।

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



