.......................................................................................
তৃতীয় অঙ্ক:
চরিত্র: নেতাই, মালিক ও কাজের বুয়া সকিনা খালা।
স্টেজের পেছনের দিকে তিনটে কার্ডবোর্ড দিয়ে একটা ঘরের মতো তৈরী করা থাকবে। বাকী অংশ খালি।
ঘরের ভেতরে ঢোকার জন্যে একপাশে একটা দরজা থাকবে, কিন্তু তার ভেতর দিয়ে ঘরের ভেতরটা দেখা যাবে না। দরজার সামনের অংশ এমন হালকা ভাবে লাগানো থাকবে যে, ওটা সহজেই খুলে নেয়া যেতে পারে।
এদিক সেদিক তাকিয়ে দর্শকদের দিকে ঈশারাপূর্ণ ভঙ্গি করে ঘরে ঢুকবে মালিক। মালিক ঘরে ঢোকার একটু পরেই বিছানাপত্র বগলে করে বেরিয়ে আসবে নেতাই। তারপর ওগুলো মেঝেতে রেখে দর্শকদের দিকে তাকিয়ে বলবে:
নেতাই: কন দেহি আপনেরা ! বড়লোকের মন মর্জি বোজা মুশকিল। নিজের গরে কত সুন্দর আরামের বিছনা, হেইগুলি ফালাইয়া আসে আমাগো গরে ঘুমাইতে ! আমারে বারান্দাত গিয়া গুমাইতে অয়। আমার ডর করেনা ? আমি ডরেরে মাইরের থাইক্কাও বেশী ডরাই। আমি ডরে ডরে মরি, আর সকিনা খালা কাড়ি কাড়ি টাহা জমায়। গ্রামে নাকি বাড়ীও একটা কিনছে। থুক্কু, আর বেশী কতা কমু না। সকিনা খালা কয়, এইসব গোপন কতা কইলে নাহি শত্তুর বাড়ে। আপনেরা গুমান, চউক্কু লাল অইয়া গেছে। আমিও গুমাই।
বলেই নেতাই স্টেজের এক কোনে বিছানা বিছিয়ে শুয়ে পড়বে। স্টেজের বাতি নিভিয়ে দেয়া হবে পাঁচ সেকেন্ডের জন্যে। বাতি জলার পর নেতাইএর ঘুম ভাংলেও শুয়ে থাকবে সে। মালিক বেরিয়ে আসবে ঘর থেকে এদিক সেদিক তাকিয়ে। নেতাই এর দিকে কড়া চোখে তাকিয়ে স্টেজের বাইরে চলে যাবে। নেতাই ঘুমের ভান করে পড়ে থাকবে।
মালিক গেলেই নেতাই উঠে দর্শকদের দিকে হেসে বিছানাপত্র নিয়ে আবার ঢুকবে সকিনা খালার ঘরে। দশ সেকেন্ড পর দু'জন (মেজমালিকের বন্ধুদের মাঝে) এসে ঘরের সামনের কার্ডবোর্ডটি তুলে স্টেজের বাইরে নিয়ে যাবে। দেখা যাবে সকিনা খালা বসে আছে চৌকিতে ও নেতাই মেঝেতে তার বিছানায়।
নেতাই: মালিক তোমার গরে আসে কেন রাইতে রাইতে ?
সকিনা খালা: তুই পোলাপান মানুষ। এইসব শুইন্না কি করবি ?
নেতাই: আমি পোলাপান না সকিনা খালা। বাড়ীর চাকর পোলাপান থাকে কয়দিন ? যা বোজনের, বালাই বুজি।
সকিনা খালা: বোজলে কতা কইসনা। গুমা। আমারও গুমান লাগব। যেই জালান জালাইয়া গেছে হারামজাদার পূতে। আইজকা না গুমাইলে কাইলকা খাওন বালা না অইলে গালি হোনন লাগব।
সকিনা খালা হাই তুললো শব্দ করে। নেতাই ও শুয়ে পড়লো। কিন্তু কয়েক সেকেন্ড পরেই উঠে বসলো সকিনা খালা।
সকিনা খালা: নেতাই, গুমাইছস ?
নেতাই: না, সকিনা খালা।
সকিনা খালা: দিদিমনির বিয়ার কতা হুনছস ?
নেতাই: না, সকিনা খালা।
সকিনা খালা: দিদিমনির বিয়া অইব বড়লোকের লগে।
নেতাই: যেই সাবে আসে মাজে মধ্যে, তার লগে ?
সকিনা খালা: তার চাইকে আরো বেশী ধনী মাইনসের লগে, চিটাগাং থাহে, বড় ব্যাবসা করে। কি আর কমু, পিরিত করল একজনের লগে, অহন বিয়া করতাসে আরেকজনরে।
নেতাই: হেই সাবেরে বিয়া করব না কেন ?
সকিনা খালা: বড়লোকের কারবার আমি নিজেই বুজিনা, তুই পোলাপান মানুষ, কেমনে বুজবি ? এইহানে খালি টেহাপয়সার খেলা। আমাগর টেহাপয়সা নাই, বুজি ও না।
নেতাই: বিয়া কবে অইব ?
সকিনা খালা: বিয়া অইব একমাস পরে। চিটাগাং এ। মামুর বাড়ীত থাইকা। তরও যাওন লাগব।
নেতাই: আমিও যামু ?
সকিনা খালা: হ, নাইলে মেজসাব আর মালকিনরে দেখভাল করব কেডা ? তর লাইগ্যা নতুন কাপরও দিয়া গেছে। বিয়াবাড়ীত পরবি।
নেতাই বিছানায় উঠে দাঁড়াল উত্তেজনায়।
নেতাই: কাপড় দেহাওনা সকিনা খালা। দেহাও।
সকিনা খালা কাপড় দেখাবে। বাতি নিভবে, পর্দা পড়বে।
পর্দা পড়বে , তৃতীয় অঙ্ক সমাপ্ত
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



