
নীল জোছনার দহনে পুড়েছিল সেদিন এই আবেগী নদী
“পরিযায়ীপাখি” তুই চন্দ্রাহত হয়ে মুখ গুঁজেছিলি আমার খোলা চুলে!
সতেজ দ্বিধা'য় কতবার আন্দোলিত বুকের জমিন;
সাদা মেঘের পাপড়ি মেখে পেখম মেলেছিল পরিণত প্রেম; আহা আমার সেই পরিণত প্রেম! সেই থেকেই আমি বিবাগী, পরিযায়ী তোর প্রলম্বিত আহ্বানে!
কেইবা জানে পরিযায়ীসুখ বিস্ফোরিত হবে ব্যসন ব্যঞ্জনায়
বিবর্ণ ছায়াও আজ মুখ লুকায় সীমাহীন লজ্জায়!
প্রতি কুহকী পূর্ণিমায় প্রহেলিকা'র খেয়া'য় ঘুড়ে বেড়াস তুই;
খুঁজিস সুকৌশলে মনোলোভা নীল প্রজাপতি
দ্যাখনা “পরিযায়ী”
দেয়ালের ওপাশটায় সবুজ অভিমানে আজ কতটা পুড়ি!
খুঁজেছি যে বেভুলো মনে শুধু ভালবাসার নুড়ি।
আমি যে বিবাগী, পরিযায়ী তোর প্রলম্বিত আহ্বানে!
জোয়ার থেমে গেছে; ফিরেছিস ঘরে তুই সাথে চাঁপা বকুলের ঘ্রাণ
পদাঘাতে'র চিহ্ন ফেলে গেছিস নরোম মৃত্তিকায়; আহত গাঙচিল আজও ডানা ঝাঁপটায়! ফিরতে পারিনি ঘরে আমি, আজও ফিরি নাই;
প্রতীক্ষার মালা জপে জপে সুর তুলি আজও বিরহী তানপুরায়!
আমি যে বিবাগী, পরিযায়ী তোর প্রলম্বিত আহ্বানে!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



