
মৃত্তিকা'র ঘ্রাণ মেখে মেখে তুমি কেমন জানি আবেশ ধরাও
আমি আসক্ত হই; বেভুলো মনে তৃষ্ণার ঝাঁপি খুলে বসি!
নীলকণ্ঠী'র পালক গুঁজে দেই তোমার এলোচুলে
অভিমানী চোখে বেশ শাসন করো
কিন্তু প্রশ্রয়ে'র দরজাটাও দিব্যি খোলা রেখেছো!
মদিরাক্ষী'র বুকে কেটে যায়- যাকনা তবে এই ডানপিঠে রাত
তারা'দের উল্লাসে ভাসুক না'হয় প্রণয় উৎসব!
গাঢ় নিঃশ্বাসের তাপে গলে গলে পড়ুক আবেগী জ্যোৎস্না'র রঙ
সম্মোহনের যাদুতে অভিলাষী হোক আনাড়ি প্রেম-- আহা আনাড়ি প্রেম!
তোমার কাঁচের চুড়ি ভেঙ্গে গেছে বুঝি বে'খেয়ালে
লাল টিপ'টাও খসে গেছে দেখি!
সুখের চাঁদ মুখ লুকিয়েছে আজ তবে নিবিড় মেঘের আড়ালে!
শব্দহীন ক্ষোভে কাঁপছ তুমি--
আমি নির্বাক; তোমার হিমশীতল চোখে দেখেছি আমার পাপ
কি জানি কতটা স্বজ্ঞানে আর কতটাইবা অজ্ঞানে!
নাহ তোমায় বুঝিনা মেয়ে-- কখনোই বুঝিনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



