
অপ্রস্তুত গ্রীবা বাঁকিয়ে কেউ যেন আমায় কিছু বলল---
পৌষালি প্রহরে নৈঃশব্দের মন্ত্রে
আমি কেমন অদ্ভূত নিসাড় হয়ে গিয়েছিলাম।
আবার সেই চেনা কণ্ঠস্বর; চেনা পারফিউমের গন্ধ
বিস্মৃতপ্রায় অনুভূতির অনুরণনে-কি সুতীব্রভাবে কেঁপেছি আমি!
সৌখিন শিস বাজিয়ে প্রতিশ্রুত পথ পাড়ি দেবো
এমনটাইতো কথা ছিল, তাইনা?
আশার ইন্দ্রজাল বিছিয়ে কত ঈপ্সনীয় প্রতীক্ষা
তুমি আসনি সেদিন —
দুর্বিনীত মন'টা প্রচ্ছন্ন বেদনায় কতটা মিইয়ে গিয়েছিলো
তা- হয়ত তোমার উপলব্দি বোধের বাইরে!
ঝুম বৃষ্টিতে ভেজা ভুলে গেছি
নরোম ঘাসে শিশিরে’র মুক্তোদানায় ভেজাইনা পা
হয়ত ভরা পূর্ণিমা’র গন্ধেও আজ আপ্লুত হইনা!
অনাঘ্রাতেই ঝরে গেছে যে ফুল
অহর্নিশ তার বন্দনা এখনতো আমি আর করিনা, একটুও না।
তবে শুভ্র তুষারে নিজেরে মাখি, কেমন যেন শান্ত হই – স্থির হই!
ব্যস্ত নগরীর ঔরসে নুতন করে জন্ম নিয়েছে আবার আমার ধ্রুপদী স্বপ্নগুলো---
অনাকাঙ্খিত মিলনের অভিকম্পনে কেমন যেন অসতর্ক হয়ে গিয়েছিলাম!
আচম্বিতেই কেউ এসে তোমায় বললো,
চল, ''আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে'' ---
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



