
দংশন
আমাদের আকাশ মরেনা -রাতজাগা স্বপ্নেরা ঘুমায়না ,
ভোরের শিশির ছুঁয়ে নরম ঘাসের ওপর দৌঁড়ায় ।
আমরা এভাবেই বাঁচি
কখনো প্রেমিকার গালে টোল পরা দেখে হাসি ,
তারপর পৃথিবীর ব্যবচ্ছেদ করতে নেমে পরি ।
আমাদের এখানেই জীবনের আয়োজন হয় ,
খোলসের ভেতর শুরু হয় আদিম উত্তাপ্ততা ।
এখানেই জীবনের সন্ধ্যার দ্রাঘিমায় আঁধার নামে ,
এখানেই ভোরের আলোয় আমি-তুমি হাসি।
এখানেই আমরা আগুন নিয়ে খেলি
পোড়াতে জ্বালাতে ভালোবাসি অনুভবের প্রাণ,
নিজেকে নিজেরা এখানেই দংশন করি
কালের পাত্রে মাটি হয়ে যাই ।
................................................................................
একেকটা গল্প
মাঝে মাঝে ভালোবাসার মানুষেরা এ শহরে হারিয়ে যায়
তারা আর হাতছুঁয়ে আসেনা ।
সেই মানুষেরা আকাশ হয়না- রাতের তারা হয়না
মাঝে মাঝে মনের মধ্যে আসে -যায় ।
তারা হঠাৎ ভোরে ঘুম ভাঙিয়ে দেয়
অদ্ভুত শুন্যতায় ভোগায় ,
তারা বৃষ্টি হয়না – স্বচ্ছ জলের মেঘ হয়না
বুকের ভেতর ভীষণ মোচড় কাটে ।
তারা মাঝে মাঝে আকাশে জোছনার কান্না বসায়
নদীর জলে তখন কোন গান হয়না,
শীতের রাতে শুকনো পাতারা হারায়না তখন
বুকের মধ্যে শুন্যতার তীব্রতা বাড়ায় ।
এমন অনেক রাত আসে তারা কথা আর বলেনা
সূর্যের মতন ভোরের আলোর সাথে পুড়তে থাকে,
তারা আর হাসে না তখন আমার সাথে
তারা একেকটা গল্প হয়ে যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


