নৈঃশব্দের ভাষা জানো না বালক
চেনোনি খুব পরিচিত বালিকার অপরিচিত অস্থিরতা
তাই বোঝোনি কতটা হাহাকার ছড়িয়ে পড়েছে মেঘ থেকে মেঘে
মেঘেরা কখন জল হয়ে যায়
কখন জলেরা বালিকার চোখ ছুঁয়ে দেয়
কিছু জল কবিতায় কখন যে ভিড় করে
বালক, তুমি কিচ্ছুটি জেনো না
তোমার রোদে'রা জলে না ভিজুক
বালিকার একলা চোখেই জল নামুক
সব কান্না সবার জন্য না
সব ভুল সবার জন্য না
তোমার ভুবন হোক শুদ্ধতার
মায়ার! ভালোবাসার!
বালিকার তাতেই সুখ
কোন কোন রাতে বালিকা চোখে সমুদ্র নিয়ে মেঘের কানে বলবে, বালক, বড় বেশি ভালোবাসি!
সে কথা কেবলই জানবে মেঘ
তাই সে কখনো কখনো জল হয়ে যাবে
বালক, তুমি তার কিচ্ছুটি জানবে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



