প্রিয় নানু,
কেমন আছো তুমি? কতদিন গল্প করি না তোমার সাথে। কত রাত চলে যায় একা ভেবে ভেবে। শীলা তোমার মত রাতের ঘুম নষ্ট করে গল্প শোনায় বা আমার কোন সমস্যা শোনায় আগ্রহী না। ওর জগৎটা ভিন্ন। সেখানে অনুমতি ছাড়া প্রবেশাধিকার নেই, আর ওর খুব প্রয়োজন ছাড়া কারো সাথেই বন্ধুত্বতা করে না।
তোমার নাতনী জামাই সে হিসেবে ভালো। আমি বকবক করি বলে, ইদানিং ও তেমন করে না। বরং আমার বকবক বেড়ে যায় অ-নে-ক। তবু সব কি ওকে বলা যায়, বলো? তুমি কি নানাভাইকে বলতে সব? একথাটাও কখনও জিজ্ঞেস করা হয়নি তোমাকে। কত কিছুই জানা হয়নি। যখন সুযোগ ছিল তখন কৌতূহল ছিল না। এখন কৌতূহল আছে, সুযোগ নেই।
তোমাদের কি এমন কোন সমস্যা ছিলো নানু? হয়তো ছিল, শুনেছি নানাভাই এর অনেক শত্রু ছিল। সবসময় আব্বু আর নানাভাইয়ের সম্মিলন আছে এমন ব্যাক্তিত্বের একজন কে চেয়েছিলাম, পেয়েছিও। তবে নতুন যুগের মানুষ তো, তাই কৌতূহলটা একটু বেশী, আর তাই সমস্যা / শত্রুও তুলনামুলক বেশী। উপস্থিত সময়ে দুশ্চিন্তা বাড়লেও, ভালো লাগে ভাবতে, পুরুষালি পুরুষ বলে।
পুরুষ মানুষ ত ঝামেলা থাকবেই তাইনাগো?
ও নানু, তুমি আমাকে নিয়ে আর ভাবো না? নানাভাইকে পেয়ে আমাদের ভুলে গেছো, তাই না? নাকি আর আগের মত ভালোবাসো না আমায়? আমার কোন আচরনে তোমাদের কোন অসুবিধা হয়নাতো আবার? জানো নানু, অনেকবার ভেবেছি, যা করবো ভেবে করবো, কিন্তু তোমার নাত্নী জামাই এমন,যখন সামনে থাকে তখন ভালো মন্দ কোন জ্ঞান থাকেনা । আর হিতাহিত জ্ঞানশূন্য একটা মানুষের উপর কি রাগ করা ঠিক নানু? তাও ভালোবাসার মোহে যে জ্ঞান হারায়, তার উপর বিরক্ত হতে নেই নানু, তার জন্য দোয়া করতে হয়, অনেক, অ-নে-ক দোয়া, যেন কখনও কোন সমস্যা এই ভালোবাসার অন্তরায় হয়ে না দাঁড়ায়, যেন খুব সুখী হই দু'জন। ঠিক বলেছি না, বলো?
ওহো, তোমাকে তো বলা হয় নি, এখন আমিও ঘুটঘুটে অন্ধকারে ঘুমাতে পারি। নাগো নানু, আগের মত রাত জেগে চুরি করা আর বই পড়িনা। বই-ই পাই না পড়ব কিভাবে? আসলে পাই তবে মলাট বাঁধানো না কাগজের বই না, অনলাইনে ভার্চুয়াল বই, এসব পড়ে আনন্দ পাই না তাই পড়িও না। তবে আজকের মত মাঝে মাঝে যখন লিখতে বসি তখন নাইট স্ট্যান্ড এর নীলাভ আলোতে লিখি।
মানুষ বলে, চোখের আড়াল হলে বুঝি মনের আড়াল হয়। আমার হয়নি নানু, আমার হয়নি। তোমাকে আর নানাভাই-কে সবসময় মনে পড়ে আমার। আম্মু-খালা-মামাদের কাছে তোমাদের একটা গল্প শোনার জন্য উন্মুখ হয়ে থাকি সারাক্ষণ। অনেক মনে পড়ে তোমাকে , তোমাদের।
এমন অস্থির, নিঃসঙ্গ, ঘুমহীন রাতগুলোতে তোমাকে একটু বেশী মনে পড়ে নানু।
...তোমার নীলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



