
'বিরূপ বিশ্বে সাহসী মানুষ ' শিরোনামে চোখ আটকে গেল । আমার হ্যাজব্যান্ড ও আমি দুজনেই মোটামুটি বই পড়ি , দুজনেরই রয়েছে আলাদা আলাদা সংগ্রহ ।আগ্রহ ভিন্ন ভিন্ন হলেও প্রায় ক্ষেত্রে আবার মিলেও যায় । এ বইটি সম্ভবত তারই কেনা । এ দুর্লভ বইটি এতদিন বাসায়ই ছিল অথচ পড়িনি বলে খুব আফসোস হল । বাসায় আসা কোন অতিথি বইটি শেলফ থেকে নামিয়ে রেখেছিল । যাহোক বর্তমান সময়ের প্রেক্ষাপটে বইয়ের শিরোনাম মিলে যাওয়ায় এবং সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের নাম দেখে বইটি হাতে নিয়েই পড়া শুরু করলাম । প্রথমেই পড়লাম হুমায়ুন আজাদ স্যারের অংশটুকু , তারপর চোখ গেল- 'শুধু আপনার ছেলে নই সমাজেরও ছেলে' শিরোনামে । তারপর চোখ বুলাচ্ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশটিতে ........ এই অংশে স্যারের লেখা কয়েকটি বাক্য পড়ে মনে হল , দেখিতো বইটি কোন সময়ে লেখা ! ওখানে যে এত বড় একটি ধাক্কা আমার জন্য অপেক্ষা করছিল বুঝতে পারিনি । ওই পাতায় যা লেখা ছিল হুবহু আপনাদের সামনে তুলে ধরছি -
বিরূপ বিশ্বে সাহসী মানুষ
সিরাজুল ইসলাম চৌধুরী
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৯
প্রকাশক : ফয়সল আরেফিন দীপন
জাগৃতি প্রকাশনী
৩৩ আজিজ সুপার মার্কেট
নিচতলা , শাহবাগ , ঢাকা ১০০০
বইটি জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকি আর মাথার ভিতর 'বিরূপ বিশ্বে সাহসী মানুষ ' বাক্যটি বিদ্রুপাকারে ঘুরতেই থাকে ।
পুনশ্চ : বইটি এখনও পড়া শেষ হয়নি। তারপরও বলছি বইটিতে যাদের কথা বলা হয়েছে তারা সবাই বাংলাদেশের সূর্য সন্তান । বাংলাদেশের শিক্ষা , শিল্প ,সমাজ ও রাজনীতিতে রয়েছে তাদের বিশেষ ভূমিকা । গল্পের ভঙ্গীতে স্যার যেভাবে স্মৃতিচারণ করেছেন তাতে উঠে এসেছে নানা অজানা কাহিনী । আগ্রহী পাঠকগণ বইটি পড়ে দেখতে পারেন । বইটিতে যাদের কথা বলা হয়েছে ,তারা হচ্ছেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , মওলানা আবদুল হামিদ খান ভাসানি ,মণি সিং , অমিয়ভূষণ চক্রবর্তী , রাজু , তাজউদ্দিন আহমদ , আবু তাহের , শহীদ সাবের , সিরাজ সিকদার , রেবতীমোহন বর্মণ , ইলা মিত্র ,লীলা নাগ , সুফিয়া কামাল ,শামসুন নাহার মাহমুদ , বেগম রোকেয়া ,কাজী নজরুল ইসলাম , মোহম্মদ নাসিরউদ্দিন , অধ্যাপক এ. কে. নাজমুল করিম , রণেশ দাশগুপ্ত ,জ্যোতির্ময় গুহঠাকুরতা , রাশীদুল হাসান, মুনীর চৌধুরী ,আব্দুল আহাদ ,আহমদ শরীফ , চিত্তরঞ্জন সাহা , কবি মহীউদ্দিন , আবু জাফর শামসুদ্দীন , শহীদ জননী জাহানারা ইমাম , অধ্যাপক আব্দুর রাজ্জাক , শামসুদ্দীন আবুল কালাম , অধ্যাপক মিজানুর রহমান ,গিয়াসউদ্দিন , সেলিনা বাহার জামান , হুমায়ুন আজাদ ও শাহাদত চৌধুরী । নামের তালিকা দীর্ঘ হলেও বইয়ের কলেবর খুব বেশি দীর্ঘ নয় । সুন্দর উপমায় / শিরোনামে ফুটে উঠেছে ব্যক্তি বিশেষের মাধুর্য । কখনও সমসাময়িক একজনের গল্পে উঠে এসেছে আরেক জনের গল্প । পড়তে পড়তে ঘোর লেগে যায় - দেখবেন আপনিও চলে যাচ্ছেন সে সময়ে । আপনার ভিতরে কেউ ফিস ফিস করে বলে উঠছে - ইস যদি তাদের মত হতে পারতাম !
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




