
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না
----------------
অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না ।।
------------------
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না ।। ( ফকির লালন সাঁই )
আচ্ছা দিন দিন আমি কি উপদেশ দানকারী ঘ্যানঘ্যানে বয়োবৃদ্ধে পরিণত হচ্ছি ? জীবনের একটা সময় ছিল দুরন্ত - দুর্বার , কারও উপদেশের কোন তোয়াক্কা সেখানে ছিল না । আমিতো ঠিকই করেছি , ওই টাকমাথা বৃদ্ধ আমার থেকে কি আর ভাল বুঝবে , আমার ভাল টা আমি নিশ্চিত বুঝি ......। ভুল , ভুল , কি ভুল ...... ।
আজ যখন এই আমি দূর থেকে স্কুল পড়ুয়া আমি , কলেজ পড়ুয়া আমি , বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমি , চাকুরে আমি , স্ত্রী আমি , মা আমির দিকে তাকাই তখন বুঝতে পারি জীবনের যে পর্যায়গুলো পার হয়ে এসেছি তাতে কিছু না কিছু মুল্যবান অভিজ্ঞতাতো অর্জন করেছি যা নিজের জন্য আর না হোক অন্যের কল্যাণেতো কাজে লাগানোই যায় । আমাদের গুরুজনদেরও হয়তো উপলব্ধি একই রকম ছিল , সবার জীবনেই হয়তো একটা পর্যায়ে গিয়ে এমনই উপলব্ধি আসে ।
তখন আমি ক্লাস এইট / নাইনে পড়ি। বাসায় এক অসুস্থ আত্মীয় এলেন চিকিৎসা করাতে । সারাদিন বিছানায় শুয়ে মান্নাদের প্যানপ্যানানি গান শোনেন । তখন চলছে ব্যান্ড দল ডিফারেন্ট টাচ - এর ক্রেজ । মন কি যে চায় বল যারে দেখি লাগে ভাল / শ্রাবণের মেঘগুলো জড় হল আকাশে ......। ফুল ভলিউমে মনের আয়েশ মিটিয়ে এসব গান শুনব বলে একটা নতুন ক্যাসেট কিনে এনেছি আর তখনই কিনা এই বিপত্তি । মুখ শুকনো করে তার সামনে জোর করে হাসি ধরে রাখার চেষ্টা করি আর ভাবি , কবে এই আপদ বিদেয় হবে । তারপর সুস্থ হয়ে একদিন সে চলে গেল । তখন আমরা বোনরা মিলে সেই মান্নাদের গান শোনা শুরু করলাম , আচ্ছা দেখিতো কি আছে এই গানে ! হয়তো সেখান হতেই শিখে গেলাম প্রজন্ম হতে প্রজন্মের ভিন্ন ভিন্ন পছন্দ সেই সাথে চিরায়ত গান / সাহিত্যের মূল্যায়ন ।
মানুষের জীবনের স্বাভাবিক অনুষঙ্গ হিসেবেই কিছু কিছু বিষয় চলে আসে । তারপরও ভাল মন্দের তফাত, জীবনের সুস্থ সুন্দর পথটি আমার অনুজকে দেখানোর দায়িত্ব আমার উপরেই বর্তায় । যদিও কখনও কখনও মনে হয় প্রতিটি মানুষের জীবনই তো পূর্ব নির্ধারিত - একটা জীবন এমনি ভাবেই হেসে খেলে চলে যাক , কি দরকার এত হিসেব নিকেশের । তারপরও মাথায় খেলা করে -নিজের সুন্দর স্বপ্ন থেকে ছিটকে পড়া আমার কোন অনুজ যেন দুঃখ করে না বলে , ইস সে সময় আমাকে পথ দেখানোর কেউ ছিল না !
চল্লিশ ছুঁই ছুঁই বয়সে এসে আজ হঠাৎ করে ফেলে আসা সেই দিনের কথা মনে করে হাসি পেল । এখন বুঝি - এই বয়সে এসে মন কি যে চায় বল যারে দেখি লাগে ভাল আর সে আলোড়ন সৃষ্টি করতে পারবে না । কিন্তু মান্নাদের কণ্ঠে গাওয়া সেই গান - 'পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন ফিরে আর আসবে কি কখনও ...' প্রতিটি মানুষের জীবনের সুখ স্মৃতির অনুষঙ্গ হিসেবেই থেকে যাবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

