ধরুন, একজন মানুষ বেঁচে থাকতে অনেক আকাম-কুকাম করেছেন, অনেক মানুষের ক্ষতি করেছেন। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। ভালো মানুষগুলো তার মৃত্যুকামনা করে কাটাতেন প্রতিটা দিন।
সেই মানুষটাই একদিন হঠাৎ মারা গেলে, সবাই বলতে শুরু করেন, 'তিনি এইকালে যাই করে থাকুন না কেন, আপনারা সবাই সেসব ভুলে যান। আল্লাহপাক তাকে যেন বেহেস্ত নসীব করেন। অথবা বলেন ঈশ্বর যেন তাকে স্বর্গবাসী করেন।'
আমি বুঝি না, এই কথাগুলো আমরা কীভাবে বলি? আমরা কেন ভুলে যেতে চাই অতীতকে? সমাজের মানী লোকেরা ও ধর্মগুরুরা যখন এইসব কথা বলেন, তখন আমি তো মনে করি এসব বলে তাঁরা সমাজের দুর্নীতিগ্রস্থ খারাপ মানুষদেরকেই আশকারা দেন, সাপোর্ট দেন। কীভাবে?
এই বয়ান যারা শুনবেন, তারা ভাববেন, 'তাহলে তো আমিও সারা জীবন যত আকাম করেছি, যত মানুষের পেটে লাথি মেরেছি, সব মাফ হয়ে যাবে। আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তির জন্যও এভাবে প্রার্থনা করা হবে। তাহলে আর ভালোর পথে সততার পথে এসে কী হবে? জীবনে অন্যায় পথে অর্থ উপার্জন করে যত পারি ভোগ করে যাই, ওপারে গিয়ে তো সব মাফ হয়েই যাবে!'
আমার এই ভাবনাটা অবান্তর কি? মরার আগে অন্যায় পথে অর্জিত অর্থ সমাজের কল্যাণে ব্যায় করে গেলেই বা মন্দির/মসজিদে দিয়ে গেলেই কি আমি দানবীর হতে পারি? পারি না। এই উপায়ে আমি কালো টাকা সাদা করার চেষ্টা করছি মাত্র!
দুর্জন দুর্নীতিবাজ অসৎ লোক মৃত্যুর পরেও পরিত্যাজ্য। আমরা যেন সদা সর্বদা ভালোকে উৎসাহ দেই, পুরস্কৃত করি, সাপোর্ট দেই। আমরা যেন খারাপকে বর্জন করি।
দেব দুলাল গুহ / দেবু ফরিদী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





