তের বছরের শেখ সামিউল আলম রাজন কে আমি চিনি না, দেখিনি কোনোদিন। কিন্তু কেন জানিনা আজ ওকেই আমার অনেক বেশি আপন আর নিজের মনে হচ্ছে। আজকের সব আনন্দ, সব প্রাপ্তি ঠিক দরজার ওপাশে এসে থমকে গেছে। তাকে সাদর সম্ভাষন জানানোর কোনো আগ্রহ পাচ্ছি না। বিশ্বাস করুন, রাজন’রা চোর হয়ে জন্মায় না, বরং তাদের দিনে দিনে চোর হবার সব বন্দোবস্ত পাকা করা হয়। এই পুরো প্রক্রিয়াতে সবাই দায়ী। কেউ নিজেকে নির্দোষ দাবী করতে পারেন না।
রাজনকে চোর বলা হচ্ছে। আমি জানি না, সে চোর কিনা। আর যদি চোর হয়েও থাকে,“কে তাকে চোর বানিয়েছে?”। তাকে চোর বানিয়েছে এই দেশ, এই সমাজ, এই শাসন ব্যবস্থা এবং সর্বোপরি আমরা সবাই। হ্যাঁ আমরা সবাই এর জন্য দায়ী।
আচ্ছা, কেউ কি বলতে পারেন, রাজন কী চুরি করেছিল-
ব্যাংকের হাজার হাজার কোটি টাকা?
শত শত ভরি স্বর্নালংকার?
সম্পদের দলিল?
বিদেশী ডিগ্রী?
গুরুত্বপূর্ণ কোন পদ?
এগুলোর কোন টাই না! তবে কি ?? আমি জানতে চাই, কী- কী চুরি করেছে যে তাকে এভাবে জীবন দিতে হলো।
রাজন কে ১০ বছরে আপনি চোর বানান, ১৫ তে ছিনতাই কারী, ২০ এ বানান দলের একনিষ্ঠ কর্মী আর ২৫ এ পেশাদার খুনি। রাজন’রা আপনার চাবি দেয়া পুতুল হয় বলেই আপনার সন্তানরা নিশ্চিন্তে বিদেশে পড়াশুনোর পাঠ চুকাতে পারে। রাজন’রা আছে বলেই আপনি ক্ষমতার লড়াইয়ে টিকে থাকেন, রাজন’রা আছে বলেই আপনার কোটি কোটি টাকা ব্যাংকে অলস পড়ে থাকে। রাজন’রা আছে বলেই আপনার পরিবার পরিজন তথাকথিত “সেকেন্ড হোম” নামের উন্নত দেশ গুলো তে থাকতে পারে।
কামরুল, ময়না চৌকিদার, দুলাল, পাবেল, মুহিত, আলী, শামীম, ইউসুফ। চলুন এই নামগুলো কে স্বর্নাক্ষরে লিখে রাখি। এদের ফাঁসীর দাবী করার মতো বুদ্ধিহীন প্রানী আমি নই। বরং আগামী কোনো নির্বাচনে আমি এদের নমিনেশন চাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




