
ছোট বেলায়, আমাদের ভাত ঘুম পাড়িয়ে আম্মু দূরদর্শন দেখতো। ঘুম না আসার আগ পর্যন্ত আমি বড় বড় চোখ করে দেখতাম থালায় প্রসাদ সাজিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ চরিত্রগুলো সমানে ঠাকুর কে ডাকছেন। নায়কের মা-বোন-বৌদি তার নিরাপদ জীবনের জন্য কেঁদে কেটে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন “ঠাকুর তুমি ওকে দেখে রেখো” কিংবা “ঠাকুর তুমি ওর একটা ব্যবস্থা করে দাও”। নায়িকার মা তো মেয়ের সুবিবাহের প্রস্তাব নিয়ে ঠাকুর কে রীতিমতো এনগেজড করে রাখতেন। রূপে গুনে অনন্যা মেয়ের জন্য সুপাত্র না হলেই নয়। সেই একই ফরমুলা “ ঠাকুর কে প্রসাদ অর্পন”। বড় কাসার থালায় ধান, দুর্বা, নারকেল, বাতাসা আর ফুল নিয়ে এই প্রসাদ সাজানো হতো। দেবতার মন পেতে হলে তো তাকে সন্তুষ্ট করতে হয়, তাই না?
এই পুরনো আমলের সিনেমার বাস্তব চিত্র দেখলাম বিএসটিআই এর অফিসে। “যাহা মনঃষ্কামনা তাহা পূরন হইবে”- শুধু প্রসাদের থালাটা ভরে নিয়ে যেতে হবে টাকায়। প্লিজ চোখ বড় বড় করে আমার দিকে তাকাবেন না। আমি আমার কথার সত্যতা নিয়ে হাজির। আপনি শুধু অখন্ড মনোযোগ দিয়ে পুরো লেখা টা পড়ে যান।
বিএসটিআই আনুমোদিত লেখা থাকলে মনে মনে কোথায় যেন একটা স্বস্তি অনুভব করি। তবে অনুমোদনটা কি ঠিক উপায়ে দেয়া হয় কিনা বা সরল পথে পাওয়া যায় কিনা, সেটাই বলে দিবে আজ থেকে আপনি স্বস্তি আদৌ পাবেন কিনা তা জেনে নিন।
বিএসটিআই (BSTI) Bangladesh Standard & Testing Institute. পন্যের মান ঠিক রাখায় যাদের মূল কাজ। পন্যের গুনাগুন পরীক্ষা নিরীক্ষা করার পর এই প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠান কে সার্টিফিকেট প্রদান করে থাকে। সেই সার্টিফিকেট নিয়েই এদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো বাজারে পন্য বিক্রি করে থাকে।
পন্যের মান ঠিক রাখতে -
১৯৫৩ সালে প্রথম প্রতিষ্ঠিত হয় CTL- Central Testing Limited.
১৯৬৩ সালে ঢাকায় Pakistan Sandard Institution এর একটি শাখা খোলা হয়।
১৯৭৩ সালে নাম বদলে রাখা হয় BDSI- Bangladesh Standard Institution
১৯৮৫ সালে CTL এবং BDSI কে যুক্ত করে নাম রাখা হয় BSTI
বিএসটিআই যে শুধু সার্টিফিকেট দিয়ে বসে থাকেন তা কিন্তু নয়। সারা বছরই এই প্রতিষ্ঠান ব্যবসায়ি প্রতিষ্ঠান গুলো কে তদারকি করে।
সার্টিফকেট কিভাবে পাবেন? শুরুতেই আপনাকে যেতে হবে One Stop Service Centre এ। নিতে হবে গাইড লাইন। সেখানে লেখা আছে সার্টিফিকেটের জন্য আবেদন করতে আপনাকে কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে। প্রথমেই লাগবে আপনার হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি, ট্রেড মার্ক রেজিষ্ট্রেশনের সত্যায়িত কপি, ভ্যাট কিংবা টিন সনদের সত্যায়িত কপি, প্রিমিসেস লাইসেন্সের সত্যায়িত কপি, পন্যের নমুনা এবং পন্যের মোড়ক। এগুলো নিয়মের কথা এবার শুনুন অনিয়মের রসগোল্লা কতটা মিষ্টি
অনিয়মের প্রথম ধাপে আপনাকে যেতে হবে বিএসটিআই অফিসের সামনের চা এর দোকানে। কিছু সময় বসে থেকে চোখ কান খোলা রাখলেই পাবেন ‘দালাল’ এর সন্ধান, যারা আপনাকে পৌঁছে দিবে অফিসের চতুর্থশ্রেণীর কর্মচারী পর্যন্ত। সেই কর্মচারী আপনাকে নিয়ে যাবে তৃ্তীয় কিংবা দ্বিতীয় শ্রেণীর (প্রয়োজন অনুসারে) কর্মচারীদের কাছে। যারা আপনাকে বিভিন্ন ধরনের সাহায্য করবে এবং অতি অবশ্যই টাকার বিনিময়ে। তাহলে চলুন জেনে নিন কাগজপত্রের দরদামঃ
টমেটো সস বানানোর জন্য সার্টিফিকেট এর নমুনা খরচ
ট্রেডমার্ক---- ৫,৫০০/= ( সেটা কেবল শিল্প মন্ত্রণালয় দিতে পারে)
প্রিমিসেস সার্টিফিকেট---- ৭,৫০০/=
দরখাস্ত----- ১,০০০/=
কারখানা পরিদর্শন---- ১০,০০০/=
টেস্টিং ফি----- ৩,৬০০/=
প্রতিবেদন------ ১৫,০০০/=
মোট >>>> ৪২,৬০০/= (এক্ষেত্রে শেষ পর্যন্ত ব্যয় হবে ৭০,০০০/=)
সাথে আপনাকে করতে হবে যেমন-তেমন একটা বাসা ভাড়া। যেটা কে আপনি কারখানা হিসাবে পরিচয় দিবেন। এবং ব্যবসার আকার বুঝে জন কয়েক শ্রমিক কাম কর্মচারী।
তেল এর সার্টিফিকেট করতে খরচ ৬৩ থেকে ৭০ হাজার টাকা। ড্রিংকিং ওয়াটার এর সার্টিফিকেট পেতে আপনাকে ব্যয় করতে হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা। বাজারে এই বস্তুর চাহিদা একটু বেশি-ই কিনা
পন্য উৎপাদনের ঝামেলা এড়িয়েও চাইলে ব্যবসা করা সম্ভব। যেমন আপনি আপনার সার্টিফায়েট পন্য সাব-কনট্রাকটেও বানিয়ে নিতে পারেন। নারায়নগঞ্জের সততা এগ্রো থেকে দেশের নামি-দামী ব্রান্ড গুলো প্রায় ৫০ প্রকারের পণ্য বানিয়ে যেমন বাজারজাত করছে ঠিক সেভাবে। উদাহরন দিয়েই বলি, ব্যান্ডের এক বোতল টমেটো ক্যাচাপ বানাতে সততা এগ্রো লিমিটেড কে দিতে হয় ৪০/=। অফিস, কর্মচারী আর পন্য উৎপাদনের ঝামেলা এড়াতে এতো রীতিমতো গোল্ডেন আফার!
প্রতিষ্ঠানের মালিক কিংবা ম্যানেজার এর বক্তব্য বিএসটিআই তে গেলেই ভোগান্তির শিকার হতে হয়। ঘাটে ঘাটে ঢালতে হয় টাকা! তাই তারা বাধ্য হয়েই অনুমোদন না নিয়েই অনায়েশে পন্য তৈরি করছেন। কেননা সোজা পথে চেয়ে কিংবা আবেদন করে পাঁচ বছরেও সার্টিফিকেট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ঠাকুর কে ভোগ দিন, না হলে ভোগেন
তথ্যসূত্রঃ যমুনা টেলিভিশন
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




