
শুভ সকাল, অনেকদিন পর প্রিয় ব্লগে লগইন করেছি। কেমন আছেন সুপ্রিয় শ্রদ্ধা ভাজন? ভালো আছেন নিশ্চয়। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি।
আমার পক্ষে হুট করে কোন বিষয় নিয়ে লেখা সম্ভব নয়, এতটা অভিজ্ঞতা আমি কখনোই অর্জন করতে পারিনি। কিন্তু আপনাদের সাথে আমার কথা বলতে খুবই ইচ্ছে করছে আজ, কিন্তু কিছুই ভেবে পাচ্ছি না কি লিখবো! শেষে মনে হলো কিছু না পারি সুপ্রভাত তো জানাতেই পারি, সাথে সবার জন্য মঙ্গল কামনা। তাই শুরু করে দিলাম, কেউ বেয়াদবী নিবেন না বা আজাইরা পোস্ট মনে করবেননা, কারণ এখানে ব্লগ বাসীর জন্য আমার হৃদয়ের মধ্য থেকে শ্রদ্ধা আর ভালোবাসা ভরে রেখেছি যে। জানেনইতো ভালোবাসার অবমাননা খুব একটা ভালো কাজের মধ্যে পড়ে না।
আজ সারারাত দুটি চোখের পাতায় ঘুমরাজের দেখা মিললো না! কেন মিললো না সেটা জিজ্ঞেস করলে বলতে পারবোনা, তবে একটুও ঘুম হলো না, চোখের পাতা বুজতে পারলো না ঘুম বাহাদুর, আজ যেনো রাতের কাছে পরাস্ত হলো ঘুম। মাঝখান থেকে আমার অবস্থা খারাপ করে দিল, এখন সারাদিন কেমন যেন জিম জিম ভাব থাকবে, অস্বস্তি থাকবে সবকিছুতে। থাকুক কি আর করা, ঘুম যেহেতু আসলোই না আমার মনের ঘরে। আসবেই বা কেমনে! সন্ধ্যা খানিকটা পরেই মনের ঘরে আগুন লেগেছিল, ওহ! কি সে আগুন! দাউ দাউ করে জ্বলছিল আমার ভেতর বাহির সর্বাঙ্গ। ভীষণ কষ্ট হচ্ছিল আমার, মনটা যেন সিদ্ধ হয়ে গেছে গতরাতের অসহ্য যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে। ছোট্ট জীবনের অনেক ভুল আমাকে সহস্রাব্দের যন্ত্রণা দেয় মাঝেমধ্যে, কিছুতেই আর সেই যন্ত্রণার হয়না অবসান! আমি পুড়ি, পুড়তেই থাকি, পুড়ে পুড়ে ছাই হয়ে যাই, উড়তে থাকি রাতের আকাশের শুভ্র সাদা প্রাণহীন মেঘে মেঘে। দিনের আলোতে লুকিয়ে লুকিয়ে জ্বলতে থাকি, কেউ বুঝে না, কেউ অনুভবই করতে পারে না আমার বুকের ভিতর জাগ্রত আগ্নেয়গিরি। আমি এক পাক্কা অভিনেতা হয়ে গেছি এখন, সহজেই কষ্টগুলো লুকিয়ে রাখতে পারি হাসি দিয়ে বা গানেরর সুরে।
ওহ্! সুপ্রভাত জানাতে এসে দেখছি আমার দুঃখের কাহিনী খুলে বসলাম! না এটা ঠিক নয়, সকাল সকাল নিজের কষ্টের আর্তনাদে অন্যের মনে কষ্টানুভব জাগিয়ে দেয়া মোটেই উচিৎ নয়। আমি ভালো আছি, অনেক ভালো, অনেক হাসিখুশি ভরা আমার এই জীবন, ছোটবেলা এমনই ভাবতো লোকে আমার সম্পর্কে......
আপনার মূল্যবান কিছু সময় নষ্ট করে দিলাম, দুঃখিত কষ্ট নিবেন না, আমার ভালোবাসা নিবেন।
শুভ সকাল, সুখ সাচ্ছন্দ্য আর সমৃদ্ধিতে ভরে থাকুক আপনার আগামী এই কামনা.....
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



