আবারও সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের পর ধর্ষণ, পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে জোর করে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত ৩ জুলাই মঙ্গলবার সকালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের অষ্টম শ্রেণীর ছাত্রী তার বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল। পথে তার গতি রোধ করে কালীগঞ্জের হোসেনপুর গ্রামের আহাদ সরদারের ছেলে রাসেল সরদার (২২) ও তার সঙ্গীরা। পরে রাসেলসহ সাতজন তাকে অস্ত্রের মুখে অপহরণ করে।
সংখ্যালঘু স্কুল ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়েকে ধর্মান্তরিত ও বিয়ের নাটক করে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। ফলে তাঁর মেয়ে এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি অভিযোগ করে বলেন, মামলা তুলে না নেওয়ায় অপহরণকারীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে। উদ্ধারকৃত স্কুলছাত্রী জানায়, তাকে অপহরণের পর সাতক্ষীরার দশ-আনিপাড়ার একটি বাড়িতে আটকে রেখে তিন দিন ধরে নির্যাতন চালানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে কয়েকটি কাগজে জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরে তাকে নোটারি পাবলিক অ্যাডভোকেট এ টি এম আলী আকবরের মাধ্যমে ১ জুলাই সম্পাদিত একটি এফিডেভিটে ধর্মান্তরিত করে তাজমিন সুলতানা নাম রাখা হয়। সেখানে তার বয়স ১৪ বছরের পরিবর্তে ১৯ বছর উল্লেখ করা হয়েছে। একইভাবে ৩ জুলাই মঙ্গলবার রাসেল সরদারের সঙ্গে তার বিয়ে হয়েছে মর্মে এফিডেভিট দেখানো হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নকীবুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা শেখ অহেদুজ্জামানের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম গোলাম আযমের খাস কামরায় ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই রবিবার সাতক্ষীরা সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আলী আজম খান জানান, এ ঘটনায় অপহরণকারী রাসেলের বাবা আহাদ সরদার (৫০) ও তাঁর ভাই সোহেলকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরের বিস্তারিত এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


