জীবন যদি শালিক হতো মনটা হতো ডানা
আকাশ হতো পৃথিবী আর থাকতো না মানা,
উড়ে যেতাম মুক্ত হাওয়ায় শীতল ছায়ায় দেশে
স্বপ্ন হয়তো কুঁড়িয়ে নিতাম বাতাস হয়ে ভেসে,
সাগর বুকে ঢেউ হয়ে নৌকায় তোলা পালে
আটকে যেতাম নিজের মতো ভালোবাসার জালে।
মানুষ হলে দু:খ কেবল মানুষ মানেই ভুল
কেন যেন মানুষগুলো প্রলোভনের ফুল,
কে যাবে আর কে যাবে না কেবা আছে পথে
সত্যি হল চলে যাওয়া একলা হতে হতে,
যাও চলে যাও চলে যাওয়া বিদায় কথার সুর
আমি থাকবো শালিক হয়ে ওই সেই বহুদূর...।
ঘৃণা কেবল মানুষ নিয়ে মানুষ ভালোবাসি
চোখের ভেতর চোখের কাঁন্না জলে জলে হাসি,
কাকে বলি মানুষ হওয়ার অপ্রিয় পাঠ-গল্প
মানুষ মানে গৌরব আর মানুষ হল অল্প,
আমি না হয় শালিক হলাম তুমিই মানুষ থাকো
হারিয়ে যাওয়া শালিকটাকে ‘বোকা’ নামেই ডাকো।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



