
দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের পৈত্রিক বাড়িতে থাকা এক সময়ের সাড়া জাগানো অভিনেতা আব্দুস সাত্তার আর নেই। গতকাল শনিবার দিবাগত রাত ২টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গুণী একজন অভিনয় শিল্পীকে হারালো বাংলাদেশ। আব্দুস সাত্তার অসংখ্য টিভি নাটকে অভিনয়ের পাশা পাশি চলচ্চিত্রেও অভিনয় করে খ্যাতি অর্জন করেন। আবদুস সাত্তার চার শতাধিক সিনেমায় কাজ করেছেন। এছাড়া অসংখ্য নাটকে কাজ করেছেন। তিনি ‘আমির সওদাগর ভেলুয়া সুন্দরী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু করেন। ছবিটি পরিচালনা করেছিলেন বিখ্যাত নির্মাতা ইবনে মিজান। তবে ‘সাতভাই চম্পা’ সিনেমায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। ২০১২ সালে অসুস্থ হওয়ার আগে সাত্তার প্রায় ১২০টি সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন। আশির দশকে তার সঙ্গে রোজিনা-অঞ্জু ঘোষ ছিল জনপ্রিয় জুটি। ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে মান্না, সোহেল চৌধুরী, দিতিদের সঙ্গে সাত্তারও উঠে আসেন। এরপর তিনি ধারাবাহিকভাবে পোশাকী সিনেমার অপরিহার্য নায়ক হয়ে ওঠেন। তার অভিনীত সিনেমার মধ্য দিয়ে এদেশে পূর্ণাঙ্গ রঙিন সিনেমার যুগ শুরু হয়। সাত্তারের জনপ্রিয় সিনেমার মধ্যে রঙিন রূপবান, রঙিন রাখাল বন্ধু, রঙিন কাঞ্চনমালা, রঙিন রাম লক্ষণ, অরুণ বরুণ কিরণ মালা, মধুমালা মদন কুমার, আলোমতি প্রেম কুমার, শুভদা অন্যতম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য গুণী এই অভিনেতার মৃত্যুতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

আব্দুস সাত্তার ১৯৫৮ সালের ২৬ মে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মার্স্টাস করা আব্দুস সাত্তার ২০১২ সালে স্ট্রোক করে প্যারালাইসড হয়ে নারায়ণগঞ্জের পৈত্রিক বাড়িতে থাকতেন। পাশাপাশি উচ্চচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। সংবাদপত্রের মাধ্যমে তার দুরাবস্থার কথা জানতে পেরে গত মার্চ মাসে প্রধানমন্ত্রী তাকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। শুধু অভিনেতা নয়, আবদুস সাত্তার সিনেমাও নির্মাণ করেছেন। অশান্ত ঢেউ, রাখে আল্লাহ মারে কে এবং ফয়সালা এই তিনটি ছবি তার নির্মিত। মরহুম আব্দুস সাত্তারের মরদেহ দাফন করা হবে শাহজাহানপুর গোরস্থানে। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে আমাদের শ্রদ্ধাঞ্জলি
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



