হৃদিকে ভালো ব্লগারগণ সবচেয়ে ভালো যে পরামর্শ দেয়, তা হল- ‘ব্লগে ভালো ভালো লেখা পোস্ট কর ।’
জী, হৃদি তো ভালো লিখতে চায় । কিন্তু হৃদির বড় দুর্বলতা হল হৃদি এখনো বুঝে উঠতে পারছে না কোন ধরনের লেখাকে সামহোয়ারইনব্লগ ভালো লেখা হিসেবে গণ্য করছে ।
হৃদি কবিতা লিখতে পারে না । এক লাইন কবিতা লিখে পরের লাইনের জন্য হৃদিকে ঋষি-মুনিদের মত ধ্যান করতে হয় । কিন্তু লম্বা ধ্যানের মওকা তো হৃদির নেই । তাকে ধ্যানমগ্ন দেখলে মা এসে ধমক মেরে ধ্যান ভেঙ্গে দেন । কবিতা তার আর লেখা হয়না ।
হৃদি গল্প লিখতে বসে । কিন্তু গল্প কিভাবে শুরু করবে তা ভাবতেই তার মাথায় লুপ লেগে যায় । একবার মনে হয় যেন এই লাইন দিয়ে শুরু করি । আবার মনে হয়- না, আগে এই লাইন লিখি । প্রথম লাইন লিখে যে নিজের উপর খুশি হতে পারে না, সে আবার পুরো গল্প লিখবে !
মাঝে মাঝে সাহস করে সে গল্প লিখতে শুরু করে দেয় । এক প্যারা লিখার পর ভাবে- আরে ধুর। কি সব ছাইপাঁশ লিখছি । এসব কেউ পছন্দ করবে ? হৃদি তার এতক্ষণের লেখা একটানে ডিলিট করে দেয় ।
হৃদি সিদ্ধান্ত নেয় একটা ভালো লাইফ স্টোরি লিখবে । বড় যত্ন নিয়ে সে দারুণ একটা স্টোরি লিখে ফেলে । কিন্তু সেই লেখাটা পোস্ট করার সময় হৃদি ভাবে- নাহ, এই লেখাটা পড়ে ব্লগারগণ হৃদিকে কি না কি ভেবে বসেন কে জানে ! আপাতত এই লেখা থাক ।
হৃদি আরেকটা স্টোরি লিখে । সেটা পোস্ট করার সময় দ্বিধায় পড়ে যায় পোস্ট করবে কি করবে না । তারপর সিদ্ধান্ত নেয়- নাহ, লেখাটা এখন নয়, সেফ ব্লগার হবার পর পোস্ট করবো । লেখাটা ল্যাপটপে পড়ে থাকে, কবে হৃদি সেফ হবে, আর কবে লেখা পোস্ট হবে তা কেবল উপরওয়ালা জানেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

