এখন যখন প্রখর রৌদ্র হয়,
কেউ দেয় না আমায় ছায়া।
এখন যখন মেঘজুড়ে কান্না হয়,
ছাতাবিহীন বিধায় ভেজে আমার কায়া।
এখন যখন কর্মমুখর দিন হয়,
কেউ দেয় না এগোনোর সাহস।
এখন যখন নিকষ কালো রাত হয়,
কোন হাত মাথায় বুলায় না পরশ।
এখন যখন বসন্তের আগমন হয়,
কেউ রাখে না খোঁপায় ফুল গেঁথে।
এখন যখন কালবৈশাখী হয়,
কেউ দেয় না পান্তা-ইলিশ রেঁধে।
এখন যখন কাব্যপাঠের আসর হয়,
কেউ শোনে না আমার কবিতা।
এখন যখন মন খারাপের বাসর হয়,
কেউ ভাঙে না আমার নীরবতা।
এখন যখন কান্নাকাটির সময় হয়,
কেউ দেয় না আমায় সান্ত্বনা।
এখন যখন নিশ্চিন্তের অভিনয় হয়,
কেউ দূর করে না আমার ভাবনা।
এখন যখন রাতভর আড্ডা হয়,
কেউ করে না প্রেমের রঙ্গ।
এখন যখন বিরতিহীন চা পান হয়,
কেউ দেয় না আমায় সঙ্গ।
এখন যখন তোমার কথা স্মরণ হয়,
কেউ ডাকে না আদুরে নামটি ধরে।
এখন যখন ভালোবাসতে ইচ্ছে হয়,
কেউ থাকে না আমার মনের ঘরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



