
উদ্ভট অশ্লীল উন্মুক্ত, পোশাকে যিনি দেহ আবৃত করেন। পোশাক নয় বরং দেহের ভাঁজে ভাঁজে পোশাকের অন্তঃ দৃশ্যমান পাঁচিল যাঁর ড্রেসকোড। আপাদমস্তক বাহারি ও কিম্ভুতকিমাকার সাজ-সজ্জায় বদলে দিতে চান নারী-সৌন্দর্যের সরল সংজ্ঞাটি। বাংলাভাষায় এ’কে দুঃসাহসিক বলবো না বেপরোয়া ! সমালোচকগণের সকল সমালোচনাকে মধ্য-অঙ্গুলি দেখিয়ে তিনি দর্জি ও প্রসাধন কোম্পানিগুলোকে একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছেন। তাঁর বাহির ও অন্তঃপুর নামক লাইফ-স্টাইলের ঢলঢলে খণ্ডচিত্র প্রায়-একই হয়তো। নাহ! তিনি আর কেউ নন, অধুনা-যুগের সবচাইতে প্রভাবশালী ও ধনী পপ তারকা লেডি গাগার কথা বলছিলেম। আন্তর্জাতিক সঙ্গীত পরিমণ্ডলে তাঁর সার্বত্রিক জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে।
হঠাৎ শোনা যাচ্ছিলো ফুরিয়ে গেছেন লেডি গাগা। নিন্দুকের কথায় ছাই পড়ল, পপ মিউজিকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্ব ময়দানে ফিরে আসলেন তৃতীয় স্টুডিও এ্যালবাম “আর্টপপ” নিয়ে। এ্যালবামটিতে কাজ করার সময়ই শ্রোতাদের কথা দিয়েছিলেন আর্টপপের মাধ্যমে তিনি পপ সঙ্গীত ও কাব্যের ছোঁয়ায় নির্মিত এক শৈল্পিক উদ্দীপনাময়তার বর্হিপ্রকাশ ঘটাবেন। কথার সাথে কাজের কতটুকো মিল পাওয়া গেলো; উত্তরে আমি নিরাশ... হবো।
যদিও আর্টবলে আবৃত গাগার নগ্নদেহের ছবিটি (অ্যালবাম প্রচ্ছদ) ম্যাজিক রিয়ালিটির কথা মনে করিয়ে দিতে পারে। নবজাগরণের প্রারম্ভে সান্দ্রো বতিচেল্লি ‘র আঁকা দ্যা বার্থ অফ ভেনাস চিত্রকর্মটির স্বপ্নরাজ্যে, গাগা নিজেকে গ্রিক উপকথার দেবী আফ্রোদিতির সাথে প্রতিপাদ্য করতে চাইছিলেন ! অথবা গাগা যেমনটি বলেছিলেন- ‘সংগীতই হলো আমার একমাত্র স্বামী’ তাই ধরে নেওয়া যেতে পারে আর্টপপ হচ্ছে তাদের প্রেম উপাখ্যানের নয়া বংশধর।

গাগা’র সঙ্গীত জীবনে যৌনতার খোলামেলা বা স্বতঃস্ফূর্ত প্রবাহের পসরা উপস্থাপন করেছেন প্রায়োন্মাদ বয়ানে। বিশ্বজুড়ে অগণিত কিশোর-তরুণ বয়সী শ্রোতা স্বভাবতই দেদারসে গিলছেন-উপভোগ করছেন; উদ্বুদ্ধ হয়ে একই পথে হাটার চেষ্টা করছেন। আর্টপপ নামটি শুনে ধারনা করেছিলুম, গাগা তাঁর মাদার-মনস্টার আইকনটির বিধৃত সুযোগ কাজে লাগাবেন। অর্থাৎ শিল্প ও পপ সংমিশ্রণে পরবর্তী প্রজন্মের জন্য নতুন কোনও উচ্চমার্গীয় বা গুরুগম্ভীর পপকালচার সৃষ্টি করতে চাইছেন। তবে ভুলে গেলে চলবেনা, পপ কালচার হচ্ছে একটি জনসংস্কৃতি। এই সাংস্কৃতিক পণ্যটির ক্রেতারা মূলত দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ কিছু নয় বরং বিনোদন এবং নিখাদ বিনোদনেই আকৃষ্ট হতে পছন্দ করেন। মূর্ত-বিমূর্ত শৈল্পিক ব্যাকরণের ধার ধারেন না কেউ। পপ সঙ্গীতের বৈচিত্র্যময় শিল্পভাষা রয়েছে; তার নির্দিষ্ট পরিসীমা নেই। ইতিবাচক কিংবা নেতিবাচক যাই হোক না কেন, সময়ের সাথে পাল্লা দিয়ে চমৎকারিত্ব দেখিয়েছেন মাইকেল জ্যাকসন বা ম্যাডোনার মত পপস্টার'রা।
সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে, সাধারণ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা-রুচি-বিনোদন নিয়ন্ত্রণ করতে এবং তাদের আর্টিষ্টিক সেন্স ব্যাহত করতেই কৌশলে সমাজের এলিট শ্রেণী পপ কালচার উৎপাদন ও বিপণন করে থাকেন। চূড়ান্ত বিশ্লেষণ বিতর্কিত। হে হে হে।
এ্যালবামটির গানগুলো শিল্পোত্তীর্ণ হতে পেরেছি কি’না, আগামী বলে দেবে। মোটের উপর লেডির গাগার বয়স কিন্তু খুব বেশী না; তিনি শিখছেন। ভবিষ্যতে তার পেশাদারিত্বে আরও দার্শনিক ও নন্দনতাত্ত্বিক ধীশক্তির সমারোহ ঘটবে, ঘিলুওয়ালা ভক্তরা আশা রাখতেই পারেন। ইতোমধ্যে লেডি গাগার মিউজিক ভিডিওগুলোতে ‘ভিজ্যুয়াল আর্ট’ উপাদানটির উপস্থিতি দারুণ লক্ষণীয়। যৌনশিল্প বা নগ্ন দেহের সর্বকালীন আবেদন শিল্পরসিক মানুষ ও সাধারণ শ্রোতা-দর্শক ভিন্নভাবে উপভোগ করে থাকেন। তবে সঙ্গীত ও যৌনতার সামাজিক বা ধর্মীয় দৃষ্টির ধ্যান ধারনার তোয়াক্কা না করে, অসুস্থ পর্যায়ের চর্চা মানবজাতির জন্য হিতকর হবে না কখনোই। হয়তো পাল্টা যুক্তি দিয়ে সৃজনশীল যৌনতার স্বকীয় বৈশিষ্ট্যে, শ্লীল-অশ্লীলের ধরাবাঁধা নিয়ম আছে কি ? প্রশ্নটি আমাকে করতে পারেন।
এ্যালবামটি থেকে পাঁচটি গান আলোচনাযোগ্য/উল্লেখনীয়। আবহ পরিকল্পনা, সুর-বিন্যাস, যন্ত্রানুষঙ্গ ইত্যাদি খুঁটিনাটির পাশাপাশি গানের কথা বা লেখায় নতুনত্বের আস্বাদ পাওয়া যায়। এছাড়াও অন্যান্য গানগুলোতে মনোরঞ্জনের প্যারাবলীয় ইলিউশ্যন ও শব্দ প্রকৌশল বিশেষ করে অভিনব লেয়ারিং মন্দ নয়।
১. অ্যরা (AURA)
সঙ্গীত জগতে পুরুষদের রাজকীয় কর্তৃত্ব উপেক্ষা করে একজন নারী হয়ে উঠলেন পপ-মনস্টার। নিজেকে উৎসর্গ করলেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বার্থেই। বিবেচিত অবক্ষয়ে তারকাবিদ্ধ হয়েও রোজকার প্রতিদ্বন্দ্বিতায় গণীভূত রীতি-নীতি, শারীরিক সম্ভোগ চরিতার্থতা, যৌনসহিংসতা ইত্যাদির বিরুদ্ধে আক্রমণাত্মক দৃঢ় উচ্চারণ-
I’m not a wandering slave, I am a woman of choice
My veil is protection for the gorgeousness of my face
Do you wanna see me naked, lover?
Do you wanna peek underneath the cover?
গানটির কেন্দ্রীয় রূপকটি সমালোচনার জন্ম দিতে পারে। মুসলমান নারীদের পর্দাপ্রথা এবং নারী-স্বাধীনতার মধ্যকার বৈপরীত্য টেনে এনে গাগা, বিতর্ক সৃষ্টি ও ব্যবসায়িক ফায়দা লুটার চেষ্টা করছেন কী! কোরাসে বারবার-
Behind the aura, behind the curtain, behind the burqa
তবে আমার কাছে পুরো গানটির দু-মুখী উপস্থাপনায় মনে হয়েছে গানটিতে গাগা, পর্দা/সজ্জার আশ্রয়ে নিজেকে কখনো নিরাপদ ও শোভিত রাখার উৎস-অনুভূতি খুঁজেছেন। আবার কখনো অন্তরালের বন্দী সমীকরণটি তাকে আবেগাক্রান্ত করেছে। পরবর্তীতে, গাগা গানটির ব্যাখ্যা করে বোরখার প্রথাগত শ্রী ও তার ফ্যাশন ভাবনা নিয়ে অবশ্য কথা বলেছেন। গানটিতে সিন্থেটিক রিদমে সাইকেডেলিক ইলিউশ্যন শ্রোতাকে সম্মোহিত করতে পারে।
২. ভেনাস(Venus)
ইলেকট্রোপপ নির্মাণশৈলী এবং অটো-টিউনের সাহায্যে একটি শতভাগ সফল ডান্স-ট্র্যাক হচ্ছে ভেনাস। একই সাথে ব্রেইন কেমিস্ট্রি সহায়ক। হাহ হা।
When you touch me I die
Just a little inside
I wonder if this could be love
This could be love
Cuz you’re out of this world
গানের কথায় সান্দ্রো বতিচেল্লির সাথে গাগার কাল্পনিক কথপোকথন উঠে এসেছে। অথবা রকেটে চড়ে পৃথিবী থেকে অনেকটা দূরে প্রেমদেবীকে প্রণয়ের ধ্রুপদী সঙ্গীত, কাম উত্তেজনায় শোনানোর চেষ্টা করছেন গাগা। এখানে অতীন্দ্রিয়বাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। গানটিতে গাগার প্রথম দিককার গায়কী (ভোকালের গর্জন) ঝলক আছে কিন্তু। তবে সুরের আকস্মিক সমাপ্তিতে শ্রোতামন ক্রুদ্ধ হতে পারে; আমি হয়েছিলুম।
৩.আর্টপপ(ARTPOP)
ক্যানভাসের জলাভূমিতে মগ্ন শিল্পী, শিরোনাম দিতে চাইছেন তার সৃষ্টিকে। তবে ভাবপ্রেক্ষনবাদী তিনি, দৃশ্যপট’টিকেই শিরোনামহীন রাখলেন-
A hybrid can withstand these things
My heart can beat with bricks and strings
My ARTPOP could mean anything
Brushes with darkness won't help you create your destiny of self
But ARTPOP could mean anything... anything!
শান্ত কণ্ঠস্বর এবং ব্যাকবিটে ফোকাস রেখে অবাঞ্ছিত হস্তক্ষেপ ছাড়াই শ্রোতারা ছন্দের ঐকতান উপভোগ করতে পারবেন। এ্যালবামে থাকা পনেরোটি গানের মধ্যে আর্টপপ ট্র্যাকটি সুলিখিত লিরিক ও সুষম সঙ্গীতায়োজনে; পিউ্যর পপ বলে বিবেচনা করতে চাইছি। গানটিতে গাগার সঙ্গীতানুরাগের কথা চমৎকারভাবে তরঙ্গায়িত হয়েছে-
Because I just love the music, not the bling
Music, not the bling
৪.ডোপ(DOPE)
লেডি গাগা তার গায়কীর ব্যক্তিগত ঠাটের আঙিনা ছেড়ে, মনোটোনটি অন্বেষণ করার চেষ্টা করেছেন।
Each day, I cry
Oh, I feel so low from living high
যশস্বী ব্যক্তি তার ফরমাল জীবন যাপনে প্রচণ্ড বিরক্ত-একাকীত্ব বোধ; শীর্ষে থাকার নেশা মত্ততায় নিজেকে মানুষ নয় কোন এক প্রকাণ্ডকায় জীব মনে করতে থাকেন। গানটিতে ডোপ বা আফিম তেমনই একটি রূপক হিসেবে এসেছে। এরিক ক্ল্যাপটনের লেখা বিখ্যাত গান “বেল-বটম-ব্লু”র টিপ্পনি এনে গাগা; দাম্পত্য জীবনের টানাপোড়ন এবং নিদারুণ মানসিক যন্ত্রণার নিবেদন পিয়ানোর বিষাদ সিম্ফোনি আর সুগভীর স্বরে গেয়েছেন। গানের হাই এবং লো নোটগুলোতে গাগার গলার কাজ লক্ষণীয় -
Might not awake without you
Been hurting low from living high for so long
I'm sorry, and I love you
Stay with me, "Bell Bottom Blue"
I'll keep on searching for an answer 'cause I need you more than dope
৫.জিপসি(Gypsy)
শহর ছেড়ে লং ড্রাইভে ছুটছেন, পিছনে ফেলে ক্লান্তি-কোলাহলময় জীবন। নক্ষত্ররাজি শোভিত মধ্যরাত, তাজা বাতাস। পুরাতন ছেড়ে নবীনের উন্মাদনায়; উড়ু উড়ু মন অথবা ঘুমে জরাগ্রস্ত ? ট্র্যাকটি প্লে করুন!! বলিষ্ঠ ভোকালসে উত্তেজিত ড্রাম বিটস এবং সিন্থি টাইপ ক্লাসিক রকের বিন্যাসে মস্তিষ্কের ‘নিউক্লিয়াস একামবেনস’ অংশটি রোমাঞ্চ-প্রীত হবে বরঞ্চ। যাকে বলা যায় সঙ্গীত ও শরীরের পারম্পর্য।
And took a road to nowhere, on my own.
Like Dorothy on the yellow brick,
Hope my ruby shoes get us there quick.
'Cause I left everyone I love at home.
I'm, I'm, I'm, I'm, I'm, I'm, I'm A Gypsy, Gypsy, Gypsy, I'm
আর্টপপে লেডি গাগা তার কৌতূহলী শিল্পরস, গানের ভুবনে স্ব দেহ-প্রকাশনা, সেক্সের হরেক অভিজ্ঞতায় আবেদনময় লিরিক ইত্যাদি ছাপিয়ে; নারীকে কেবল ভোগের বস্তু ও সন্তান ধারণের যন্ত্র না-ভেবে, তার মানব-মানসিক অস্তিত্বটিকেও বিশ্লেষণ ও অনুধাবনের জটিল অন্তর্দ্বন্দ্বে কিছুটা হলেও অন্বেষক হয়েছেন; আমার মতামত।
অন্ধবিন্দু | সামহোয়্যার ইন...ব্লগ
ছবি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



