*
রাতকানা চোখে ঘাসফড়িঙ ভেবেছি পাখি
অথচ পাখিদের কোলাহলে আমি বিব্রতবোধ করেছিলাম
মূলতঃ বৃষ্টি হলেই আমার যাওয়া হয় কাশবনে
ঘাসফড়িঙ দল পাখি সেজে আমাকে কি দারুণ বিভ্রান্ত করে ফেলে!
*
বৃষ্টির ফোঁটা ব্যবকলন করে দেখি
রোদের বীজ
তপ্ত ও স্নিগ্ধ
বৃষ্টিজলে কবে থেকে তবে তাপচাষ!
*
বৃষ্টির শরীর জুড়ে আল্পনা এঁকে গেছে রোদ
চকচকে কাক ডানার মিছিল
মিছিলের পরেই আকাশের দোটানা
বিভ্রান্ত মেঘ কেঁদে ফিরে গেছে শেষে
মেঘের মত যারা ফিরে ফিরে যায়
তাদের কথা আর কোথাও লেখা থাকে না
বৃষ্টির ইতিহাসে!
*
বেদনা আসুক!
বেদনা এসে বিমূর্ত করে তুলুক অনুভব
জল এসে ভাসিয়ে নিক খরাপীড়িত সব
বিতিকিচ্ছিরি জীবন
মেঘ নেই রোদ নেই
শুধুই নাতিশীতোষ্ণ!
নিকুচি করি জীবন তোমার
অনেক হয়েছে সন্ন্যাসযাপন
আমি শীতলতা চাই, আমি উষ্ণতা চাই
আমি আমার হারিয়ে যাওয়া প্রতিটা বিকেলের হিসেব চাই!
*
বৃষ্টি মানে মেঘে মেঘে স্বর্গীয় রতিসুখ
উৎসারিত জলের লোভে বেওয়ারিশ বিপন্নতা
বৃষ্টি মানেই স্মৃতি জলভারে বুক
অতল গহীনে থৈ থৈ শূন্যতা!
======
[বৃষ্টিপ্রেমি দুই বন্ধুকে। সনেট। মাফরুহা। যারা ভিনদেশী অতিশীতল বৃষ্টিতে ভিজতে পারছে না। ওদের বৃষ্টি তাপগ্রাহী হোক। ওরা একসাথে বৃষ্টিবিলাস করুক সারাজীবন ]
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




