জোনাকীর ভেতর দিয়ে ফুল ফোটে আর এক মেঘ মন ঘাসবনের কানে কানে বলে যায় অজস্র ঘুমের গল্প। গল্পের নাম রাতপ্রিয়া। গল্পের নাম অনিদ্রসুখ।
জোনাকীদের গ্রামে যে ফুলগুলো ফোটে আর নদীর জলে গা ভেজায়, এইসব সন্ধ্যের ভেতর কল্পিত নদীর নাম রাতপ্রিয়া। রাতপ্রিয়া নদীর কূল অবিরাম। কূলে কূলে গল্প। গল্পগুলোর নাম রাতপ্রিয়া।
ভাঙা লাঙলের গায়ে দীর্ঘ শ্যাওলার ঘ্রাণে দীর্ঘ বিষন্ন হয়ে উঠে রাতপ্রিয়া নদীর চরের চাষীরা। অথচ নদী মানেই কল্পনা। জলের ভেতর ভেঙে পড়ে পারাপার মাঝির একমাত্র নৌকা।
জোনাকী তারপর শহরের বারান্দায় ঘুম ঘুম ট্রেন। পচেনা রিকশায় সতেরো গলি পেরিয়ে শাড়ির পাড় রেখে ঘামের চিত্রে বিলীন হয়ে যায়। শহরে নদী নেই। কৃষকের ভাঙা লাঙল বা মাঝির ভাঙা নৌকাও নেই। শহরে কেবল মানুষের কিছু খোলস আছে। সাপের মত।
জোনাকীর চোখের ভেতর কমলা ফুল খেলা করে আর বুকের ভেতর ভরা নদী লাফায়। নাকফুল হারিয়ে এই শহরে যারা অজস্র রকমে ব্রাত্য, জোনাকী তাদের মত হয়ে যায়। জোনাকীর নদী মরে গিয়ে ইট বালি কাঠ গজায়। আর শহরের নাম হয়ে যায় রাতপ্রিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



