বর্ষা চলে গেল কিন্তু একটা শখ মিটল না। স্বপ্ন হয়েই রইল গোটা যুগ ধরে। খুব আশা ছিল এবার গ্রামে গিয়ে নৌকায় চড়ব, যেটা প্রায় এক যুগ আগে প্রতি বর্ষায় হতো। প্রতিবারই প্ল্যান করি কিন্তু কোথা থেকে যে ঝামেলা এসে হাজির হয়। আর যাওয়া হয়ে উঠে না। এবার ছিল কঠিন প্রতিজ্গা, যাবোই যাবো। হল না, এবারও হল না।
আমরা ৪-৫ জন পরাণের বন্ধু যারা সবাই রাজধানীতেই আছি সুবিধামত সময়ে চলে যেতাম আমাদের চিরচেনা গ্রামে। সারাদিন ধলেশ্বরী, ইছামতিতে নৌকা ভ্রমণ করতাম। নৌকাতেই খাওয়া-দাওয়া, নৌকাতেই আনন্দ-মজা। মনে হত আমরা দূরন্ত কিশোর, যাদের কোনো দিক সীমানা নেই, নেই কোনো তাড়া। গলা ছেড়ে গান সুরে-বেসুরে ভাটিয়ালি, মান্নাদে, হেমন্ত, তপন চৌধুরী, ইশতিয়াক, আর কত কি ইত্যাদি ইত্যাদি। কত ধরণের মজা যে করেছি তার ফিরিস্তি না হয় পরে দেয়া যাবে। আহা! সেই দিনগুলি আর ফিরে পাব না। এ বছর মোটামুটি কয়েকজন মিলে প্ল্যান করলাম, কিন্তু বাচ্চাদের ২য় মিড টার্ম পরীক্ষা সব বানচাল করে দিল। পরীক্ষা যখন শেষ হবে তখন আসবে ঈদের সময়, আর ঈদের সময় বর্ষা থাকবে না। ভাবতেই মনটা কেমন করে উঠল।"ও বর্ষা আমাদের দেখা না দিয়েই চলে গেলি"।
আনছার চাচার নৌকা আমাদের জন্য অপেক্ষা করছে। এটা ভাহতেই ভালো লাগে। কী এক দুর্ণিবার আকর্ষণ। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে যাই নৌকায় চড়ি। পরক্ষণেই আটকা পড়ি পিছুটানে। হায়! সংসার তুমি আমারে করিয়াছ পংগু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




