আজকে রাখাল রাহা ডাক্তারদের অভিযুক্ত করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস এর বিষয়বস্তু ছিল যে, বাংলাদেশের ডাক্তাররা অহেতুক পেট কাটে, সিজার করে, হাসপাতালে গেলেই সিজার করে। উনি লিখলেন,
“আমাদের পেটকাটা ডাক্তারেরা !
হাসপাতাল-ক্লিনিকে গেলেই বাংলাদেশের ডাক্তাররা প্রায় প্রতিটি মায়ের পেট কেটে বাচ্চা বের করতে উৎসাহিত করছেন, বাধ্য করছেন, এবং এ-প্রক্রিয়ায় মায়েদের বাকী জীবনকে অনেকাংশে পঙ্গু করছেন। দুনিয়ার আর কোন্ কোন্ দেশে এমন ভয়াবহ অবস্থা আছে কোনো ডাক্তার জানাবেন কি? আমেরিকা-ইংল্যাণ্ডের শতকরা কতভাগ মায়ের পেট কেটে বাচ্চা বের করা হয়? ওখানকার ডাক্তাররা কি সার্জারীতে কাঁচা? নাকি ওখানকার মায়েদের পেট কাটার পয়সা নেই?
আমার সন্তান জন্মের সময়ে ঘনিষ্ঠ এক পেটকাটা-খোদাভক্ত-ডাক্তারবন্ধুকে প্রায় এরকম প্রশ্ন করলে সে আল্লাহ-রাসুল ভুলে বলেছিল, সিজারিয়ান বেবী ব্রেনী হয়! কীৎতামাশা!! (রাখাল রাহা, ৭ই সেপ্টেম্বর ২০১৩)”।
এই এই স্ট্যাটাস এ কেউ কেউ মন্তব্য করলেন ইংল্যান্ডে এতো সিজার হয়না। একজন যথারীতি ডাক্তারদের কসাই বলে আমেরিকান হাসপাতালে তার সন্তান জন্মের ইতিহাস জানালেন। এর পরে মতামত দিলেন, আমেরিকান ডাক্তার তাই তারা বাংলাদেশের ডাক্তারদের মত কসাইবৃত্তি জানেনা। আহা। আমাকে একজন সেখানে মন্তব্য করতে আহ্বান জানালে, আমি মন্তব্য করেছিলাম,
“এই স্ট্যাটাস এ প্রথমেই একটা ভুল আছে। সন্তান জন্মের জন্য ডাক্তার নয় দরকার প্রশিক্ষিত দাই। এবং নরমাল ডেলিভারি বাসায় করানো হয়। হাসপাতালে যে সমস্ত রোগী সন্তান জন্মের জন্য আসেন তারা জটিল রোগী। আর জটিল রোগীর প্রায় সবারই সিজারিয়ান লাগবে এটা জানা কথা।“
সেই মন্তব্য দেখে স্ট্যাটাস কর্তা আমাকে জানালেন দুই সন্তানের জনক হওয়ার সুত্রে এ বিষয়ে উনার যে অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকেই উনি এই মন্তব্য করেছেন। এই অবতারণাটা প্রয়োজন ছিল, কেননা এখান থেকে শুরু না করলে আমরা জানতেই পারতাম না আমরা কোন ধরণের ভ্রান্তির মধ্যে আছি এবং ভ্রান্তির মধ্যে থেকে সেটাকে দিব্য জ্ঞান মনে করে পরমানন্দে আছি।
যে কোন আলোচনা বা বিতর্ক করতে হলে শুধু যুক্তি নয় তথ্য এবং উপাত্ত লাগে, যেটাকে আমরা বলি এম্পেরিক এভিডেন্স। অধিকাংশ ক্ষেত্রে আমরা জাতি হিসেবে আমরা এম্পেরিক এভিডেন্সের ধারে কাছেও যাইনা, তর্ক করি নিজের যুক্তি, অভিজ্ঞতা আর বিবেচনা বোধ থেকে। তাই অধিকাংশ ক্ষেত্রেই আলোচনা বা বিতর্ক গড়ে ওঠেনা, যেটা হয় সেটা হয় গ্রাম্য ঝগড়া।
এবার দেখা যাক এম্পেরিক এভিডেন্স কী বলে, বাংলাদেশে কী আসলেই সিজারিয়ান সেকশন বেশী হয়? বাংলাদেশের ডাক্তার রা কি অহেতুক সিজার করেন? ইংল্যান্ড, আমেরিকায় কি সিজারের হার বাংলাদেশের চাইতে কম?
২০১০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৩৭ টা দেশের উপর অনাবশ্যক সিজারের হারের উপর চালানো গবেষণার উপর ভিত্তি করে একটি রিপোর্ট প্রকাশ করে যার শিরোনাম The Global Numbers and Costs of Additionally Needed and Unnecessary Caesarean Sections Performed per Year: Overuse as a Barrier to Universal Coverage এই রিপোর্টের প্রথমেই বলে নেয়া হয়েছে সিজারের হার স্বাভাবিক ভাবে কত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০-১৫% ক্ষেত্রে সিজার করার যুক্তিসঙ্গত কারণ থাকে এবং এই পরিমাণটা মা ও অনাগত শিশুর জীবন ঝুঁকি মুক্ত রাখার জন্য জরুরী। এই রিপোর্ট অনুসারে বাংলাদেশের সিজারের হার ৭.৫ %, ভারতে ৮.৫%, আমেরিকায় ৩০.৩%, ইংল্যান্ডে ২২%। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে অ্যামেরিকায় অনাবশ্যক সিজারের হার ১০.৮% এবং ইংল্যান্ডে ০.৮%। সিজারের হার পৃথিবীতে সবচেয়ে বেশী ব্রাজিলে ৪৫.৯%। আমরা কিউবার স্বাস্থ্য সেবার প্রশংসা করে থাকি সেখানেও সিজারের হার ৩৫.৬%।
এবার আলোচকরা আপনাদের তথ্য উপাত্ত আনুন। আমি জানি পারবেন না। ডাক্তারদের দেয়া গালিগুলো ফেরত ও নিতে পারবেন না। যেটা পারবেন সেটা হচ্ছে ভবিষ্যতে আলোচনার সময় তথ্য উপাত্ত ছাড়া আলোচনা না করতে এবং ব্যাক্তিগত অভিজ্ঞতাকে সাধারণীকরণ করে একটি সিদ্ধান্তে পৌঁছে না যেতে। এভাবে হয়তো সাহিত্য আলোচনা চলতে পারে, বিজ্ঞান নিয়ে নয়।
তবে, বাংলাদেশের স্বাস্থ্য আর চিকিৎসা ব্যবস্থায় কোন সমস্যা নেই? অবশ্যই আছে, পৃথিবীর সব দেশে আছে। সেই আলোচনায় আসুন, অযথা অহেতুক বিতর্কে সময় নষ্ট করে কার লাভ?
তথ্য সুত্রঃ
The Global Numbers and Costs of Additionally Needed and Unnecessary Caesarean Sections Performed per Year: Overuse as a Barrier to Universal Coverage World Health Report (2010) Background Paper, No 30। Luz Gibbons, José M. Belizán, Jeremy A Lauer, Ana P Betrán, Mario Merialdi and Fernando Althabe

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



