...........................
প্রথম জন্মের স্মৃতি ভুলে গেছো। সে জন্মেও আমাদের
দেখা-হওয়া অসম্ভব ছিলো, তবু দেখা হলো; সেই গল্প
স্মরণ করিয়ে দেব, ভেবে ভেবে, বহুকাল বসে আছি;
একবারও তোমাকে বলিনি, দ্বিতীয় জন্মের এই একমাত্র
মিলন ও সাক্ষাতে। হয়তো-বা না বলাই ভালো; হয়তো-বা
তৃতীয় জন্মের জন্য কিছু কথা বাতাসের গল্পের আসরে
উপ্ত রেখে যাবো। মানুষের স্মৃতির ভেতরে মিহি-বিস্ফোরণে
যে-সকল আবছাকে দৃশ্যময়ে জানবার কাতরতা জাগে,
ওগুলোই বাতাসের গল্পের আসরে অনীহাবশত ফেলে রাখা
বিগত জন্মের গল্পাবলী। একবার মনে হয় বলি, তারপর
দ্বিধা ভর করে; শোনার তৃষ্ণায় যদি কেঁদে ওঠে কান,
পুরনো হাওয়ার দিকে ফিরে যেও, সে শোনাবে মৃদুশব্দ,
বিশ্বাসবিনষ্টকারী গান; সে গল্পের চলচ্চিত্রে অদৃশ্যসমান
একজন, উচ্চারিত শব্দ ও ধ্বনিতে নিহত, বিক্ষত, মহাপ্রাণ।
...........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


