পরিত্যাগ করতে পারো তোমরা, ভুলে যেতে পারো,
কিংবা পরিস্থিতিও দূরে ঠেলে দিতে পারে তাদের
এখন হয়তো হাজার হাজার মাইল দূরে তাদের পদচারণা
কিন্তু তারা কখনই ভুলে যায়নি তোমাদের, মুহূর্তের জন্যেও
নয়; তাদের নিঃশ্বাসে ধ্বনিত হচ্ছে তোমাদের নাম
তাদের আঙুলগুলো বিলি কাটছে তোমাদের চুলে
তোমাদের খোঁপায় খোঁপায় সুবাস ছড়াচ্ছে যেসব সুদর্শন
ওগুলো ফুল নয়, হার-না-মানা প্রেমিক হৃদয়ের বিশ্বস্ততা
তীব্র রোদে, তোমাদের মাথার ওপরে এখনও তাদেরই ছায়া
তোমাদের নিদ্রার পাশে সারারাত পাহারাদারের মতো জাগে
ওইসব নির্ঘুম রাত, সেইসব প্রেমিকের জন্য আমাকেও
রাত জাগতে হয়, সাজাতে হয় শব্দের পাশে শব্দ,
উদ্বিগ্ন অপেক্ষায় বসে থাকতে হয় আমাকেও, কেননা,
তোমাদের যে মেষগুলো হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছো না,
অনুগত রাখালের মতো, তাদের সাথে নিয়ে তোমাদের
স্বপ্নের মধ্যে একদিন ফিরে আসবে একদল যিশু খ্রীষ্ট,
কেননা, কেবল তারাই জানে: কতো সহস্র পাথরের
গলনে, জল সৃষ্টি হলে, শুচিস্নানে ঋদ্ধ হয় জননী মরিয়ম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



