পূর্ব প্রকাশের পর
যেহেতু গল্পের প্লটটি প্রথাগত, সেহেতু প্রেম পরবর্তি বাদবাকী ব্যপারগুলো বয়ান না করলেও চলবে। অভিজ্ঞ পাঠক ঠিকই বুঝে নিতে পারবেন। আমি বরং সরাসরি মুল জায়গায় চলে আসি। অর্থৎ যে জায়াগায় এসে প্যাঁচটা লেগেছে।
গল্প অনেকখানি এগিয়ে এনেও নায়িকার মনোস্তত্ত্ব ঠিক করতে না পারায় মহা বিপদেই পড়েছি। বিপদ দু' ধরনের: যেহেতু গল্পটি প্রথাগত সেহেতু নায়িকাকে হঠৎ করেই অগ্নিকন্যা টাইপের বানানো বেশ বেমানান হবে। আবার ভার্সিটি পড়ুয়া মেয়েকে যদি প্রথাগত শাড়ি প্যাঁচানো বাঙ্গালী নারী হিসাবে উপস্থাপন করি সেটাও ঠিক খাপ খাবেনা। এতে নারীবাদিগণও রুষ্ট হতে পারেন। সেই রিস্ক নেওয়া ঠিক হবেনা। ফলে এজন্য আমাকে সহায়ক চরিত্র দু'টিকে পুনরায় সক্রিয় করতে হচ্ছে। অর্থাৎ নির্ঝর আর তার প্রেমিকাকে আবার যুক্ত করলাম গল্পের সাথে। সেটা কিরকম এক্টু বলি। ও, তার আগে নির্ঝরের প্রেমিকার একটা নাম না দিলেই নয়। নামের অভাবে বেচারী বড় বেশী গৌণ হয়ে উঠছিল। সংক্ষিপ্ত হলেওতো চরিত্রটি গুরুত্বপুর্ণ। ধরা যাক, তার নাম চিত্রা; আসল নাম ছিল চিত্রলেখা। কবি সম্পাদক নির্ঝরের কল্যানে নামটির এ সংপক্ষেপিকরণ ঘটে। কবিদের এই এক প্রবণতা, প্রনয়িনীর নামের উপর হাত দেওয়া চাই-ই-চাই। সে যাক, কাহিনীতে আসি-
নায়িকা প্রথমে বেশ সাদামাটাই থাকে। গ্রামের মেয়ে, মেধাবী সহজ সরল; ঢোলা সেলোয়ার কামিজ পড়ে; ভার্সিটিতে এসে ক্লাশ, পড়াশোনা আর মাঝে মাঝে ঘুমোনোর আগে বাড়ি থেকে নিয়ে আসা অংক খাতায় গোলাপকাঁটা টাইপের গল্পের বই পড়ে। এক সময় সে চিত্রার সাথে নির্ঝরদের সাহিত্য আড্ডায় যাওয়া আসা শুরু করে। ফলে দুই বছরেই বেশ পরিবর্তন আসে তার মধ্যে। এর মধ্যে সে পড়ে ফেলে দ্বিতীয় লিঙ্গের মতো বই। চৌকষ পাঠক নিশ্চই এখন বুঝতে পারছেন গল্পের নায়িকার মনোস্তত্ত্ব?
না, প্রিয় পাঠক, খানিকটা ভুল করছেন; আমিও করেছিলাম। নায়িকার মনোস্তত্ত্ব বোঝা আমাদের কাজ নয়। বরং একটু দার্শনিকতা করি। এটাতো আমরা সবাই জানি মানুষের জানার জগৎ যত বেশী প্রসারিত হতে থাকে তাকে ততো বেশী দ্বান্দ্বিকতার মুখোমুখি হতে হয়। কিন্তু সাধারনত মানুষ দ্বান্দ্বিকতার মধ্যে থাকতে চায়না। এই দ্বান্দ্বিকতাকে একসময় সে নিজের মতো করে সমন্বয় করে নেয়। আমাদের নায়িকার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হয়নি। ফলে ভার্সিটি পরবর্তি অভিজ্ঞতা আর ভার্সিটি পূর্ব অভিজ্ঞতা মিলিয়ে আমাদের নায়িকা তার একটি নিজস্ব দর্শন তৈরী করে নেয়। দর্শণটা এরকম- সে আধুনিক কিন্তু ঐতিহ্য বিমুখ নয়।
এবার আসা যাক সরাসরি বিয়ে প্রসঙ্গে। অনেক ঝুটঝামেলার পর ঠিক হলো তারা বিয়ে করবে। এখন সমস্যা বিয়েটা কিভাবে হবে। নায়ক বিয়ে শাদিতে বিশ্বাস করেনা। দুইজন দুইজনকে ভালোবাসি, দুইজনকে বিশ্বাস করি, দ্যাট্স ইনাফ, বিয়ের দর্কার কি? কিন্তু নায়িকার চাপে পড়ে শেষমেশ রাজি হলো। শর্ত, রেজিষ্ট্রি করে বিয়ে করবে। কিন্তু নায়িকার কথা, না, বিয়ে হবে বাঙ্গালী সংস্কৃতি মোতাবেক। ট্রেডিশনাল ওয়েতে। আমি পড়লাম মহা বিপদে। দুই জন দুইজনের অবস্থানে অনড়।
গিট্টুতো ভালো মতোই লাগছে। আমিও ভেবেছিলাম রেজিষ্ট্রি করে বিয়ের ঝামেলাটা চুকিয়ে ফেলবো। সেজন্য নায়িকাকে নিয়ে গেলাম নির্ঝরদের সাহিত্য আড্ডায়, ইন্টেলেকচুয়্যাল ফোরামে। কিন্তু সেটা দেখি কোন কাজেই লাগেনি। সিমোন দ্যঁ বোঁভয়ারও ফেল মারলেন নায়িকার ঐতিহ্যমুখীতার কাছে। আর এদিকে নায়ক সাম্ভাব্য বিচ্ছেদর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। দুজনেই ভাঙ্গবে তবু মচকাবে না। ধনুর্ভাঙ্গা পন। ফোন দেওয়া দেয়িও বন্ধ। এরকম অচল অবস্থায় কিছু দিন গেল। কয়েকদিন পর নায়িকার নাম্বার থেকে নায়কের কাছে একটি মেসেজ আসল- amak powar r casta korona. (আমাকে পাওয়ার আর চেষ্টা করোনা); নায়ক সাথে সাথে ফোন ব্যাক করে- দুঃখিত এই মুহূতে মোবাইল ...।
ফলে আমাকেও গল্পটা এ পর্যন্ত এসে থামিয়ে দিতে হয়েছিল।
ডিসক্লেইম: পাঠক, আমি এখানে কোন গল্প লেখার চেষ্টা করিনি। অথবা লিখে থাকলেও তা মুল গল্পের আড়ালে হারিয়ে গেছে। আমি মুলত এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

