হে আমার কবিতা,
কখনো লিখি নি তোমাকে
কাব্য-অকাব্যের মাত্রা ছাড়িয়ে
এসেছো তুমি অমিয় ধারার মত
এসেছো প্রেম বিরহে আর পাওয়া না পাওয়ায়
এসেছো মান অভিমান আর হাসি কান্নার জোয়ারে
কখনো কখনো দুর্দান্ত দুর্বোধ্য তোমার উৎস
অবলীলায় তুমি সাজিয়ে নিয়েছো
তোমার যত কথা
হে বহুরূপী ছন্দমালা,
কখনো এসেছো সন্ন্যাসী’র সাজে
কখনো বা দুরন্ত কিশোরের বেশে।
পটভূমি, সংলাপ, চরিত্র, কাহিনি
সযতনে বদলে দাও উপন্যাসের উপসংহার
শীতের পত্র বিহীন শাখে ঘর বাঁধে
ডানা মেলা গাংচিল
গায় কবি গুরুর গান
‘তোমারে যা দিয়েছিনু, সে তোমারই দান।’
তুমি কবিতা নও, তুমি জাতিস্মর
তুমি এক মৌসুম বসন্ত -
সোনালী সকালের ঐকতান।
পহেলা ফাল্গুন, ১৪২১
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



