আর্জেন্টিনা ও ব্রাজিল-এই দুই ফুটবল সুপার পাওয়ারের বিদায়ে বাংলাদেশের মতো দেশের ফুটবলপ্রেমীদের আনন্দ যেন অনেকটাই ম্লান হয়ে যায়। ভাটা পড়ে খেলা দেখায়ও। যদিওবা দেখা হচ্ছে, কিন্তু তার মধ্যে আগেকার সেই উচ্ছ্বাসের কমতি লক্ষ্য করা গেছে। আর তাই, চূড়ান্ত প্রতিযোগিতায় স্পেন কিংবা নেদারল্যান্ডকে সমর্থন করা যেন অনেকটা বাধ্য হয়েই। এর একটি কারণ হতে পারে, ধর্মবোধের মতো ফুটবল দল কিংবা খেলোয়াড়কে ধ্যান-জ্ঞান করা। খেলোয়াড়রা যে রক্ত-মাংসে গড়া মানুষ; তাদেরও যে খেয়ে-পরে ভালোভাবে বেঁচে-বর্তে থাকতে হয়, উন্নত জীবন-যাপনের আশায় ইউরোপিয়ান লিগ কিংবা ভিন্ন দেশের বেশি মজুরি দেওয়া ধনী ক্লাবগুলোতে বছরভর ধারাবাহিকভাবে খেলে খেলে ক্লান্ত হতে হয়, অবসন্ন দেহে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হয়-এই বিষয়গুলো ভক্তের হিসাবের মধ্যে থাকে না। যার জন্য, প্রিয় দল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলে হতাশায় মুষড়ে পড়ে সাধারণ দর্শক; হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে কিংবা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় কেউ কেউ।
খেলাধুলার মাধ্যমে পাওয়া বিনোদনকে উপভোগ করবে মানুষ এটি স্বাভাবিক। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার আসরটির গায়ে যে বৈষম্য, উচ্ছেদ, নিপীড়ন, নির্যাতন দগদগে ঘা লেপ্টে আছে তা কি সর্বদা নেপথ্যেই থেকে যাবে? কিংবা সুযোগ-সুবিধার অভাবে যেসব দেশের খেলোয়াড়রা বিশ্বকাপে জায়গা করে নিতে পারেন না তাদের সুযোগহীনতার কারণগুলো নিয়ে দর্শকদের নিউরনে অনুরণন হবে কি? অথবা করপোরেটকৃত বিশ্বকাপের মধ্য দিয়ে পণ্যমোহগ্রস্ত করার যে প্রক্রিয়া তা থেকে বের হওয়ার উপায় কী? কিংবা বিশ্বকাপ চলার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক, আফগানিস্তানে আগ্রাসন বা নতুন করে ইরানে হামলার উদ্দেশ্যে যুদ্ধজাহাজ প্রেরণের বিষয়টি কি বোধের মধ্যে আসবে? বিলিয়ন ডলারের বিশ্বকাপ কি আফ্রিকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আসরের মাধ্যমে প্রাপ্ত আয় কি আফ্রিকার মানুষের মৌলিক চাহিদা পূরণের কাজে লাগবে? আফ্রিকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে কাদের ভয়ে? সচেতন দর্শকমাত্রে তার বোধের মধ্যে এই প্রশ্নগুলো না আসাটা অস্বাভাবিক যা সাধারণত ঘটতে দেখা যায়।
দর্শকদের আনন্দ দেওয়া কিংবা হতাশায় ডোবানো নির্ভর করে দলের জেতা-হারার ওপর। ‘অলাভজনক’ ফিফার আনন্দ নির্ভর করে আয়বৃদ্ধির ওপর। আয়োজক রাষ্ট্রের আনন্দ রাজস্ব বৃদ্ধি এবং রাজনৈতিক ‘এক হাত’ দেখানোর ওপর। এদের সবাইকে ছাপিয়ে করপোরেট পুঁজির প্রতিষ্ঠান। তার আনন্দ উৎপাদিত পণ্য বিক্রির ওপর। অন্যদিকে পুরো বিশ্বকাপ আয়োজন-প্রক্রিয়ার শিকার সাধারণ দর্শক; করপোরেট যাদের ক্রেতা/ভোক্তা বলতেই অভ্যস্ত। দর্শকরা দেখে ফুটবলার, গোল, নৈপুণ্য আর করপোরেট দেখে দর্শককে; তার বিমোহিত ভাবকে। দর্শকের ভাব দেখে বিশ্লেষণ করে সাজায় কীভাবে এই দর্শককে তার পণ্যজালে আবদ্ধ করা যায়। পণ্যজালে জড়ানোর জন্য তো মিডিয়া রয়েছেই!
সচেতন দর্শকের বোধ খেলা দেখার পাশাপাশি এসব প্রশ্নকে পর্যালোচনা করতে করতেই এগোয়। তখন দলের নৈপুণ্য কিংবা খেলোয়াড়ের কারিশমাই সে শুধু দেখে না; এর মধ্যকার নানা দিককেই সে যাচাই-বাছাই-বিশ্লেষণ করে। খেলার নান্দনিকতাই শুধু দেখে না, দেখে স্টেডিয়াম তৈরির কারণে কত মানুষকে তার বাস্ত্তভিটা ছেড়ে উচ্ছেদ হতে হলো, আশ্রয় নিতে হলো গুচ্ছগ্রাম নামক অমানবিক কারাগারে; আয়োজক হওয়ার কারণে শিক্ষা, চিকিৎসা, আবাসনসুবিধা বঞ্চিত করে জনগণের করের অর্থ অপচয় করে এক মাসব্যাপী জাঁকজমকপূর্ণ জমকালো খরচে বিশ্বকাপ আয়োজনের জন্য সরকার কীভাবে মরিয়া হয়ে উঠেছিল; অল্প খরচে যে কাঠামো বানানো যেত, কীভাবে সেগুলোর ব্যয় অত্যধিক বৃদ্ধি করা হলো, কাদের স্বার্থে; বাঁচার মতো মজুরির জন্য যারা লড়াই করেছিল, সরকারের লাঠিয়ালবাহিনী কীভাবে তাদের ওপর নির্যাতন চালালো। দেখে, করপোরেট মিডিয়া কীভাবে একটি দল, একজন খেলোয়াড়কে উচ্চ আসনে বসায় আবার তার বারোটা বাজায়। দেখে, মাথা থেকে পায়ের পাতা অবধি কোম্পানির লোগোর ছাপ্পর মেরে খেলোয়াড় কীভাবে করপোরেটের খপ্পরে পড়ে। কিংবা খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী ক্রীড়াশৈলী না দেখার কারণ খুঁজে বের করার চেষ্টা করে।
বিলিয়ন ডলার খরচ, ট্রিলিয়ন ডলার আয়ের ১৯তম আসরের পর্দা নেমেছে। চূড়ান্ত পর্যায়ে বিশ্বকাপ জয় করেছে প্রথমবারের মতো স্পেন। তৃতীয়বারের মতো ফাইনালে উঠেও নেদারল্যান্ড তার বহু কাক্ষত বিশ্বকাপ জয় করতে ব্যর্থ হয়েছে। খুশি থাকতেহ হয়েছে রানার্সআপ হয়েই। এ উপলক্ষে বিভিন্ন দেশের হাজার হাজার দর্শক পাড়ি জমিয়েছিলেন খেলা উপভোগ করতে। মাসব্যাপী কেনাকাটা আর ভ্রমণে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। কেনাকাটার মধ্যে পতাকা বানানোর কাপড় থেকে শুরু করে যৌনবাণিজ্য-সবই এর মধ্যে পড়ে। লাভের অর্থ গুনছে এডিডাস, কোকা-কোলা, সনি, ভিসা, ম্যাকডোনাল্ডস, ইএসপিএন, বাডওয়েসার, বিপি ক্যাস্ট্রোল, কন্টিনেন্টাল টায়ারস, এমটিএন, ভারতীয় মহিন্দ্র সাত্যাম, সিয়েরা, ইংলি সোলার, বিপি আফ্রিকা, এফএনবি, নিও আফ্রিকা, প্রাসা, টেলকম, এমির্যাটস এয়ারলাইনস, হুন্দাই/কিয়া। মন্দার সময়েও করপোরেটের ভান্ডারে ঘাটতি পড়েনি। ঘাটতি পড়েছে সাধারণ মানুষের। প্রায় প্রতিটি বিশ্বকাপে তার সরাসরি মূল্য দিতে হয়েছে স্থানীয় অধিবাসীকে। ঘরছাড়া হয়েছে। অমানবিক, অনিশ্চিত জীবনের মধ্যে পড়তে বাধ্য হয়েছে। প্রতিবাদও হয়েছে দক্ষিণ আফ্রিকাজুড়ে। প্রতিবাদের জবাব পেয়েছে টিয়ার শেল, রাবার বুলেট, রোলারের মাধ্যমে। স্থানীয় খুদে বিক্রেতাকে স্টেডিয়াম এলাকার আশপাশে ১০০ কিলোমিটারের মধ্যে ভিড়তে দেওয়া হয়নি। ফিফার কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। লাখো মানুষকে বিদ্যুৎ এবং নাগরিকসুবিধা থেকে বঞ্চিত করে সেই সুযোগ বরাদ্দ করা হয়েছে ফিফার জন্য। টিকিটের মূল্য যা নির্ধারণ করা হয়েছে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অনেক বাইরে। সুতরাং বিশ্বকাপ হোক আর আন্তর্জাতিক যে কোনো প্রতিযোগিতার আয়োজন হোক, তার কোনোটিই নির্ভেজাল উপভোগ করার জো নেই সাধারণ দর্শকদের। খেলা নির্ভেজাল উপভোগের অধিকার শুধু ভিভিআইপি, সিআইপি, ভিআইপি এবং উচ্চ আয়সম্পন্ন ক্রেতা-ভোক্তা দর্শকের মধ্যে সীমাবদ্ধ। রাস্তা, দোকানের বসানো/সাজানো টিভি কিংবা স্থানীয় সরকারের প্রতিনিধিদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খেলা দেখার ব্যবস্থা করার ওপর নির্ভর করতে হয় সাধারণ দর্শকদের। একদিকে বিনোদনসামগ্রী কেনায় ক্ষমতাহীন মানুষের সন্তুষ্টি এর মধ্যেই সীমাবদ্ধ রাখার ব্যবস্থা, অন্যদিকে উচ্চ আয়সম্পন্ন মানুষের জন্য আরো আরো কেনাবেচার সুযোগ উন্মুক্ত করে দেওয়া, এটি বর্তমানকালের আন্তর্জাতিক আসরগুলোর বৈশিষ্ট্য বলা যায়।
বৈশ্বিক খেলাধুলার চেহারা কী ধরনের হবে তা সাধারণত নির্ভর করে বৈশ্বিক অর্থনীতির মূল প্রবণতার ওপর। ভিন্ন ব্যবস্থা-অবস্থান নিয়ে যেসব দেশ দাঁড়ানোর চেষ্টা করছে তাদের বাইরে পুরো বৈশ্বিক অর্থনীতির মূলধারার ছাপ আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে পড়বে সেটি বলাই বাহুল্য। একচেটিয়া পুঁজিতান্ত্রিক ব্যবস্থার আধিপত্যের কারণে বিশ্বকাপ, অলিম্পিক আসরগুলোকে সেহেতু নির্ভেজাল খেলাধুলার আসর বলে গণ্য করা যায় না। আয়োজনের পুরো প্রক্রিয়ার রন্ধ্রে রন্ধ্রে তাই পুঁজি, মুনাফার নড়াচড়া টের পাওয়া যায়। খেলোয়াড়দের নৈপুণ্য কিংবা নড়াচড়া দৃশ্যমান হয় দর্শকের চোখের সামনে। কিন্তু আসলে তার পেছনে আসল নৈপুণ্য অপ্রদর্শিত থাকে করপোরেট প্রতিষ্ঠানের। সে জন্য বিশ্বকাপ কিংবা অলিম্পিকের আসর জমানোর জন্য কিংবা আয়োজক হওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় ক্ষমতাবান ব্যক্তিদের হস্তক্ষেপ এখন ‘ওপেন সিক্রেট’ ব্যাপার। আর তাই বর্তমানে আন্তর্জাতিক এই আসরগুলো মূলত একটি উদ্দেশ্যে তাড়িত। খেলোয়াড়দের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার হেরফের হওয়ার কারণে দল কিংবা ব্যক্তি জেতে-হারে, মঞ্চস্থ হয় ঘটনা-দুর্ঘটনার আলেখ্য। কিন্তু পুরো প্রক্রিয়ার নেপথ্যে ছড়ি ঘোরায় শেষ বিচারে আন্তর্জাতিক একচেটিয়া পুঁজির প্রতিষ্ঠানগুলো যারা অধিকাংশ সময় সাধারণের ধরাছোঁয়ার বাইরে থাকে। পুঁজিতান্ত্রিক বিশ্বায়নের সময়ে তাই বিশ্বায়িত ফুটবল মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে পরিচালিত হবে তাতে আর আশ্চর্য কী? যে খেলোয়াড় করপোরেটের স্বার্থ রক্ষা করতে পারবে সেই হবে ‘যোগ্য, দক্ষ, সর্বশ্রেষ্ঠ’। সেই খেলোয়াড়ের মাধ্যমে পরিচিত হবে তার দল। উন্মাদনা তৈরি হবে খেলোয়াড়, দলকে ঘিরে। ফুটবল যে একটি সামষ্টিক খেলা, প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে যে তার চূড়ান্ত ইতিবাচক ফল লাভ, সেটিকে জনমাথা থেকে মুছে ফেলার সব ধরনের প্রচেষ্টা নেওয়া হবে, এটিই স্বাভাবিক। এভাবে চলতে থাকলে আশা করা যায় সামষ্টিক নান্দনিক খেলা হিসেবে ফুটবলকে অদূর ভবিষ্যতে দেখা যাবে না, ব্যক্তি খেলোয়াড়‘প্রধান’ আসরে পরিণত হবে বিশ্বকাপ। কারণ, পুঁজি নিরাকার হলেও এর ধারক-বাহক ব্যক্তিমালিক। সুতরাং ব্যক্তিকেন্দ্রিক উন্মাদনা, প্রচারণা পুরো বিশ্বকাপ-প্রক্রিয়ার মূল প্রবণতা হয়ে দাঁড়াবে এটি ধারণা করা যায়। ব্রাজিলের নান্দনিক ফুটবল, আর্জেন্টিনার কারিশমা, নেদারল্যান্ডের টোটাল ফুটবল, স্পেনের জাদু বিবেচনার পরিবর্তে প্রধানত জায়গা করে নেবে ব্যক্তি ফুটবলারের নান্দনিকতা, কারিশমা, কৌশল।
এখন প্রশ্ন, করপোরেট আধিপত্যহীন বিশ্বকাপ কি আদৌ সম্ভব? কিংবা পুরুষাধিপত্যবাদী, বৈষম্য, বঞ্চনা, নিপীড়ন কাঠামোর বাইরে ভিন্ন ধরনের একটি আন্তর্জাতিক মিলনমেলা আয়োজন করা কি সম্ভব? সম্ভব। তবে বর্তমান করপোরেটাইজড ফিফা, বৈষম্য সৃষ্টিকারী রাষ্ট্রীয় কাঠামোকে বজায় রেখে নয়। আন্তর্জাতিক ক্রীড়া; তা ফুটবল হোক অথবা ক্রিকেট, তার মধ্যে সে শক্তির জায়গাটি আছে। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমষ্টিবোধের উপাদান বৈশ্বিক এই ক্রীড়ার মধ্যে আছে। এই উপাদান থাকার কারণে অতীতে দেখা গেছে; বৈষম্য, অনৈক্য, জাতিগত নিপীড়নবিরোধী লড়াইয়ে ফুটবল কিংবা ক্রিকেট কখনো কখনো হাতিয়ার হয়েছে। সামষ্টিক লড়াইকে বেগবান করেছে।
তাই, এমন আন্তর্জাতিক ক্রীড়া আসরের ব্যবস্থা করা সম্ভব যেখানে বিশ্বের সব মানুষের জন্য ক্রীড়া উপভোগের সুযোগগুলো উন্মুক্ত থাকবে। বর্তমানে সে সুযোগগুলো সাধারণের নাগালের বাইরে। এমন বিশ্বকাপের আয়োজন করা সম্ভব যেখানে বিশ্বের প্রতিটি দেশ সমান সুযোগ পাবে অংশগ্রহণের। তার জন্য দেশীয় খেলাধুলার মান উন্নত করা প্রয়োজন। যে ক্ষেত্রে ফিফা গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা রাখতে পারত কিন্তু সে ধরনের কার্যকর কোনো নজির দেখা যায়নি। যার ফলে তুলনায় খেলাধুলায় দুর্বল দেশগুলোর কাছে বিশ্বকাপে পা রাখা অধরাই রয়ে গেছে।
খেলাধুলাকে বিকশিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করা যেত। সীমিত কিংবা অসীম সম্পদকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নত করার ব্যবস্থা করা যেত। যেসব দেশ এই উদ্যোগগুলো গ্রহণ করেছে সেসব দেশের ফুটবলের মান আগের তুলনায় যথেষ্ট উন্নত হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় মাঠ, নদী, পাহাড়, বন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান-উদ্যোগের পরিবর্তে যখন সেগুলোকে দেশীয় ও আন্তর্জাতিক পুঁজির প্রতিষ্ঠানের হাতের নাগালের মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, লুটপাট-দুর্নীতির জন্য অবারিত করা হয়েছে তখন থেকে উপরিকাঠামোতে অবস্থিত খেলাধুলার মান তার কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেনি।
একদিকে জাতীয় ফেডারেশনগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে গড়িমসি এবং তা থেকে হাত গুটিয়ে আনা, অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি-হস্তক্ষেপের কারণে জাতীয় সংস্থাগুলোর কাঠামো নড়বড়ে হয়ে দাঁড়িয়েছে কিংবা অতীত সুবর্ণ সময়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি, পারছে না। ক্রীড়া সংস্থাগুলো লুটপাট-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে; খেলাধুলায় আন্তর্জাতিক মান অর্জনের পরিবর্তে ক্রমান্বয়ে অতলে হারিয়ে যাচ্ছে।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য, জাতীয় সংস্থাগুলোকে করপোরেটাধিপত্যমুক্ত করতে হলে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কোনো বিকল্প নেই। পুঁজি, প্রযুক্তি, অবকাঠামো ইত্যাদির বন্দোবস্ত করলেই শুধু হবে না; আন্তর্জাতিকমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা চাই। খেলার মাঠগুলোকে দখলমুক্ত করা এবং নতুন নতুন খেলার মাঠ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিভাবান খুদে খেলোয়াড়দের অন্তর্ভুক্তির সুযোগ সম্প্রসারণ এবং সামাজিক ক্রীড়াপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় সংস্থার তত্ত্বাবধানে আনা প্রয়োজন। সর্বোপরি, সামগ্রিক জাতীয় পরিকল্পনার মধ্যে খেলাধুলাকে মনোযোগের কেন্দ্রে আনা প্রয়োজন। শুধু এক/দুই/তিনটি খেলার সাফল্যকে মহিমান্বিত করা কিংবা অল্প কিছুদিনের জন্য কয়েকজন খেলোয়াড়ের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অধিকাংশ প্রতিভাবান খেলোয়াড়কে বঞ্চিত করে ক্রীড়ার সামগ্রিক মান বাড়ানো যাবে না-এটি বলাই বাহুল্য। খেলোয়াড়ের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা এবং সামাজিক মানসকাঠামোতে এই পেশার প্রতি আস্থা অর্জনের ব্যবস্থা করতে হবে। আর এই কাজগুলো করতে হলে যে মৌলিক বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার, তা হলো মানুষ। মানুষকে কেন্দ্রে রেখে যাবতীয় গৃহীত সিদ্ধান্ত এবং ব্যবস্থাবলিই পারে শুধু খেলাধুলা নয়; সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে। মুষ্টিমেয়র লাভালাভের হিসাব-নিকাশ যা কখনোই করতে পারে না। করপোরেট চেনে মুনাফা; মানুষ নয়।
সূত্র: সাপ্তাহিক বুধবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



