অবশেষে ‘যৌনকর্ম’ পেশার মর্যাদা পাচ্ছে। জাতীয় পরিচয়পত্র দেয়া প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যৌনকর্মীদের পেশার মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
একই ভাবে পেশার মর্যাদা দেয়া হচ্ছে গৃহকর্মকেও। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিশন ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিলেও ডাটাবেজে (তথ্য ভাণ্ডার) পেশার ঘরে ‘যৌনকর্ম’কে পেশার মর্যাদা দেয়া হয়নি। এমনকি সাংবাদিক, নার্স, দর্জির মতো পেশারও স্বীকৃতি দেয়া হয়নি তখন। ডাটাবেজের পেশার ঘরে এসব পেশাধারী ব্যক্তিদের ‘অন্যান্য’ ঘরে রাখা হয়েছিল। তখন এ নিয়ে দু’একটি পত্রিকা নির্বাচন কমিশনের সমালোচনাও করেছিল। এর আড়াই বছর পর এসে তথ্য ভাণ্ডারের ‘পেশা’ সমপ্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ আলোকে গত ৩রা আগস্ট কমিশন বৈঠকে সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে ভোটার তথ্য ভাণ্ডারে আরও অন্তত ১৫টি পেশা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া পেশার মধ্যে রয়েছে- যৌনকর্মী, কন্ট্রাক্টর, ড্রাইভার, নার্স, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী, ইমাম/পুরোহিত/পাদ্রী, গৃহকর্মী, হেকিম/কবিরাজ, মালি, পরিচ্ছন্নকর্মী, শিল্পী, দর্জি ও বাবুর্চি। এর আগে নির্বাচন কমিশনের বিবেচনায় পেশা হিসেবে স্বীকৃত পেয়েছিল মাত্র ২৫টি পেশা। এ তালিকায় ছিল- ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসা, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী, গৃহিণী, দিনমজুর, বেকার, ধোপা, কামার, কুমার, জেলে, মিস্ত্রি, প্রহরী, তাঁতী, মাঝি, কুলি, মুচি, হকার, রিকশাচালক/ভ্যানচালক ও নাপিত। এর বাইরের পেশাধারীদের জন্য বরাদ্দ ছিল ‘অন্যান্য’।
সূত্র: মানবজমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



