কর্মশালার নামে সরকারি খরচে স্ত্রী-কন্যাকে নিয়ে বিদেশ ভ্রমণে গেছেন সরকারের দুই পদস্থ কর্মকর্তা। তাঁরা হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান। গত ২৩ আগস্ট তাঁরা অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। অস্ট্রেলিয়ার পর তাঁরা নিউজিল্যান্ডে যাবেন। আগামী ৩ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা।
আবু আলম মোহাম্মদ শহীদের সঙ্গে তাঁর স্ত্রী নারগিস বেগম, ওয়াহিদুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রী সুফিয়া খাতুন ও কন্যা বদরুন্নাহার দীনা রয়েছেন। ওয়াহিদুর রহমানের একমাত্র ছেলে নাহিদ রহমান অস্ট্রেলিয়ার মেলবোর্নে পড়াশোনা করেন। নিউজিল্যান্ডে যাওয়ার সময় নাহিদও মা-বাবার সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
সারা দেশের রাস্তাঘাট বেহাল রেখে এবং সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে প্রধান প্রকৌশলীর এ বিদেশ ভ্রমণের ঘটনায় এলজিইডিতে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ব্যাপারে দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এলজিইডির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, 'আমিও বিষয়টি জানতাম না। উনি যাওয়ার পর পর শুনলাম স্ত্রী-কন্যাকেও সঙ্গে নিয়েছেন।' ছুটি বাতিল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি আমার সিনিয়র। যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। তবে আমরা এলজিইডির সব প্রকল্প পরিচালককে জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছি। তাঁদের বলে দিয়েছি, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে। যেকোনো রাস্তা দ্রুত মেরামত করতে হলে অবহিত করতে।' কতটা গুরুত্বপূর্ণ কর্মশালায় তিনি গিয়েছেন, সে প্রসঙ্গে আজিজুল হক বলেন, 'নগর উন্নয়নবিষয়ক একটি কর্মশালায় কয়েকজন পৌর মেয়রের সঙ্গে উনারা গিয়েছেন।'
জানা গেছে, 'অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পৌরসভার সেবাদান প্রক্রিয়া পর্যবেক্ষণের নামে এক প্রকল্পের আওতায় তাঁরা এ ভ্রমণের সুযোগ তৈরি করে নিয়েছেন। ওই প্রকল্পে স্ত্রী-কন্যাদেরও সংযুক্ত করেছেন। সবার ভ্রমণ ব্যয় ওই প্রকল্প থেকে নির্বাহ করবে এলজিইডি। এ নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, 'সারা দেশের রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে সরকার সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এবং এলজিইডির সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে। অথচ নিজে দিব্যি বিদেশ ভ্রমণে গেলেন। তাও সরকারি টাকায় স্ত্রী-কন্যাকে নিয়ে।'
এলজিইডির কর্মকর্তারা জানান, সারা দেশে সওজের রাস্তা আছে মাত্র ১৮ হাজার কিলোমিটার। আর এলজিইডির আছে দুই লাখ ৫০ হাজার কিলোমিটার। এর মধ্যে সওজের রাস্তার চেয়ে এলজিইডির রাস্তার অবস্থা বেশি খারাপ। এ ছাড়া গত ২৫ জুন এই দুই কর্মকর্তাই নামসর্বস্ব এক কর্মশালার নামে আমেরিকা ও কানাডা ভ্রমণ করে এসেছেন। গত ৬ জুলাই মাসে তাঁরা ফিরে আসেন। এক মাসের মাথায় আবারও সারা দেশের রাস্তাঘাট বেহাল রেখে নামসর্বস্ব কর্মশালার নামে বিদেশ সফর করে বেড়াচ্ছেন।
এলজিইডির এক কর্মকর্তা বলেন, এই ভ্রমণে তাঁদের পেছনে খরচ হবে প্রায় এক কোটি টাকা। আর পুরো টাকাই বহন করতে হবে এলজিইডিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



